রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়ে বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা।
শোকবার্তায় তিনি বলেন, ‘রানি দ্বিতীয় এলিজাবেথের আকস্মিক মৃত্যুতে আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাকে গভীর শোক ও দুঃখ জানাচ্ছি। আপনার মাধ্যমে যুক্তরাজ্যের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।’
শোকবার্তায় শেখ হাসিনা লিখেছেন, ‘আমাদের আন্তরিক শ্রদ্ধা-প্রার্থনা শোকাহত রাজপরিবারের সদস্য ও যুক্তরাজ্যের শোকাহত জনগণের সঙ্গে রয়েছে। আমরা মহামান্যের বিদেহী আত্মার চিরশান্তি ও পরিত্রাণের জন্য প্রার্থনা করছি।’
শেখ হাসিনা উল্লেখ করেন, রানি শুধু ২৫০ কোটি কমনওয়েলথ জনগণের স্তম্ভ ও শক্তিই ছিলেন না, বরং তিনি করুণা, মর্যাদা, প্রজ্ঞা ও সেবারও প্রতীক ছিলেন।
শেখ হাসিনা লিখেছেন, বিশ্বের সমসাময়িক ইতিহাসে সবচেয়ে বড় কিংবদন্তি ছিলেন রানি। দীর্ঘতম রাজত্বকারী হিসেবে তিনি কর্তব্য, সেবা ও ত্যাগের সর্বোচ্চ মান স্থাপন করেছেন। তিনি একটি অতুলনীয় উত্তরাধিকার রেখে গেছেন।
প্রধানমন্ত্রী লিখেছেন, রানি তাঁর দেশের নাগরিকদের জন্য অনুপ্রেরণা, সাহস ও শক্তির একটি দুর্দান্ত উৎস হয়ে থাকবেন।
শেখ হাসিনা লিখেছেন, যুক্তরাজ্যে রানি ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে। শেখ হাসিনা তাঁর সঙ্গে ২০১৮ সালে লন্ডনে রানির শেষ ব্যক্তিগত আলাপচারিতার কথা স্মরণ করেন।
শেখ হাসিনা উল্লেখ করেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে রানি সবচেয়ে আবেগপূর্ণ বার্তা দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর (রানি) দুঃখজনক মৃত্যুতে বাংলাদেশের মানুষ এবং আমি ব্যক্তিগতভাবে শুধু একজন বিশ্বস্ত বন্ধুকেই হারালাম না, একজন প্রকৃত অভিভাবককেও হারিয়েছি।’
শেখ হাসিনা আরও বলেন, এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য রাজপরিবারের সদস্য, যুক্তরাজ্যের জনগণ ও কমনওয়েলথের সদস্যদের সাহস-দৃঢ়তা দান করার জন্য প্রার্থনা করছেন।
রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
এএজে