ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
সংসদে সমাজকল্যাণ মন্ত্রী

ভিক্ষুক নিয়ন্ত্রণে চলছে মোবাইল কোর্ট

ভিক্ষুক নিয়ন্ত্রণে চলছে মোবাইল কোর্ট
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভিক্ষাবৃত্তি থেকে ভিক্ষুকদের নিরুৎসাহিত করতে রাজধানীতে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি আরো জানান, ঢাকা শহরের ভাসমান ভিক্ষুকদের নিজ নিজ এলাকায় পুনর্বাসিত হওয়ার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সদস্য শফিউল ইসলাম।

লিখিত জবাবে তিনি আরো জানান, সরকার ভিক্ষাবৃত্তি নিবৃত্ত করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে ভিক্ষুক পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকদের সভাপতিত্বে পরিচালিত নির্ধারিত কমিটির কাছে অর্থ বরাদ্দ করা হয়েছে।

এ ছাড়া ভিক্ষুকদের নিজ নিজ এলাকায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান হিসেবে ক্ষুদ্র ব্যবসা যেমন দোকান, চায়ের দোকান, হাঁস-মুরগি পালন, রিকশা ইত্যাদির ব্যবস্থা করে তাদেরকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

সাত প্রকল্পে ৩৬১১ ফ্ল্যাট নির্মাণ চলছে

সরকারি দলের এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ সংসদকে জানান, রাজধানীর আবাসন সমস্যা সমাধানে স্বল্প জমিতে অধিক বাসস্থান সৃষ্টির লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এরইমধ্যে মিরপুর ও মোহাম্মদপুরে ১০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতায় চার হাজার ৩৫৮টি ফ্ল্যাট নির্মিত হয়েছে। এ ছাড়া রাজধানীতে আরো সাতটি প্রকল্পের অধীনে তিন হাজার ৬১১টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ কাজ চলছে। এর বাইরে নতুন করে আরো সাতটি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের তিন হাজার ৮১৬টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সরকারি কর্মচারীদের ৫৪৫টি ফ্ল্যাট খালি

সরকারি দলের সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের লিখিত জবাবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জানান, সরকারি কর্মচারীদের বসবাসের জন্য জন্য ঢাকা মহানগরীতে নির্মিত ৫৪৫টি ফ্ল্যাট বর্তমানে খালি রয়েছে। এরমধ্যে ঢাকার মিরপুরের ৬নং সেকশনে উপসচিব ও তদুর্ধ্ব পদমর্যাদার (গ্রেড-৫) জন্য নির্মিত এফ ক্যাটাগরির ১, ২, ৩ ও ৬ থেকে ১০ নম্বর ভবনের ৪০১টি ফ্ল্যাট খালি রয়েছে। একইভাবে উপসচিবের নিচের পদের (গ্রেড-৬) জন্য নির্মিত ই ক্যাটাগরির ১৪৪টি ফ্ল্যাট খালি রয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন