এ পর্যন্ত ১৯ জনের লাশ উদ্ধার, স্বজনদের বিলাপ

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে বুধবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। এসব ধ্বংসস্তূপের মধ্যে হতাহত আরো কেউ আছে কি না, তা দেখতে অভিযান শুরু হয়। ধসে যাওয়া ভবনের নিচের মালামাল সরাচ্ছেন তারা। এর আগে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত হয়।
গতরাতে ফায়ার সার্ভিসের উপপরিচালক দীনমনি শর্মা জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে মঙ্গলবার রাত ২টা পর্যন্ত ১৬টি লাশ হস্তান্তর করা হয়।
এদিকে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটির বেজমেন্টে থাকা দুটি স্যানিটারি দোকানের ব্যবস্থাপক মেহেদী হাসান ও মমিনুদ্দিন সুমনের খোঁজ এখনো মেলেনি। তাদের সন্ধানে ধ্বংসস্তূপের পাশে গিয়ে বিলাপ করছেন স্বজনরা। তাদের ধারণা, বেজমেন্টের মধ্যেই আটকে আছেন নিখোঁজ দু'জন।
বুধবার সকাল থেকে ঘটনাস্থলে আজও উৎসুক জনতার ভিড় রয়েছে। তাদের সরাতে গিয়ে হিমিশিম খেতে হচ্ছে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের।
অন্যদিকে বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন দিতে ৫ কর্মদিবস সময় দেয়া হয়েছে।