উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের

বরিশালের উজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রান্ত মণ্ডল নামে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদীর উত্তর পাশের শেখ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত প্রান্ত মণ্ডল বরগুনার পাথরঘাটার রূপধন এলাকার বাসিন্দা পুলিন মণ্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওই সদস্য ঢাকা থেকে মোটরসাইকেলে করে বরিশালে যাচ্ছিলেন।
পথে বরিশালের ইচলাদী পৌঁছালে অজ্ঞাতপরিচয় একটি যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন প্রান্ত মণ্ডল। পুলিশ তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এইচকেআর