ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news

প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রণয় ভার্মার সাক্ষাৎকার

প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রণয় ভার্মার সাক্ষাৎকার
ছবি অনলাইন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জ্বালানিসংকট সমাধানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরো বেশি ডিজেল আনা যায় কি না সে বিষয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচনা হয়েছে। (৬ এপ্রিল) সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে তেল আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। দুই দেশের মধ্যে যদি পজিটিভ সম্পর্ক থাকে, তাহলে অনেক কিছুর সমাধান হবে।’ তবে শেখ হাসিনার সঙ্গে ভারতে যে সম্পর্ক ছিল, সে রকম আর হবে না বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ‘শেখ হাসিনার পার্ট শেষ।’

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তাবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে।’ দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে, জানান হুমায়ুন কবির।

এদিকে সাক্ষাৎ শেষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার থেকে এক বার্তায় জানানো হয়, হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা দুই দেশের জাতীয় উন্নয়ন-সংক্রান্ত অগ্রাধিকারসমূহের সঙ্গে সঙ্গতি বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে জনগণ-কেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করেন।

হাই কমিশনার একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পারিক কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একত্রে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায় ব্যক্ত করেন।
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন