১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা পেলো না বরিশালের হিজলা থানার চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জাহাঙ্গীর হাওলাদার (৪০)।
বুধবার রাত ১ টায় ঢাকা গাজীপুরের পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৮'র সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর হাওলাদার হিজলা উপজেলার খাগেরচর এলাকার হোসেন হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, আসামি জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে হিজলা থানায় ২০০৮ সালে একটি হত্যা মামলা হয়, যার নম্বর- ০৮(০১)২০০৮, জিআর নম্বর-৮/০৮।
এ মামলায় তাকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এরপর থেকেই আসামি দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থাকে। কিন্তু র্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে র্যাব-১, সিপিএসসির সহযোগিতায় বুধবার রাত ১ টায় গাজীপুরের পুবাইল থানা এলাকা থেকে জাহাঙ্গীর হাওলাদারকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুরের পুবাইল থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
এইচকেআর