যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট

যাত্রীসংকট ও বাণিজ্যিক কারণে বরিশাল বিমানবন্দরে আপাতত ফ্লাইট বাড়ানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা-বরিশাল রুটে প্রত্যাশিত যাত্রী না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে নির্দিষ্ট কয়েক দিন ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষের দাবি, অনেক সময় ধারণক্ষমতার অর্ধেকেরও কম যাত্রী নিয়ে উড়োজাহাজ চালাতে হচ্ছে। যাত্রী কম থাকায় বেসরকারি উড়োজাহাজ সংস্থাগুলোও এই রুটে ফ্লাইট চালানো বন্ধ রেখেছে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট বিভাগের জেনারেল ম্যানেজার মাহবুবউদ্দিন আহমেদ জানান, আপাতত বরিশাল রুটে ফ্লাইট বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘বরিশাল বিমানবন্দরে বেসরকারি সংস্থা ইউএস-বাংলা বা নভোএয়ার চলে কি না, তা দেখলেই পরিস্থিতি বোঝা যায়। মাঝেমধ্যে অর্ধেকেরও কম প্যাসেঞ্জার নিয়ে বিমান চলাচল করছে। তবে যাত্রীচাহিদা ও বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই-বাছাই চলছে। চাহিদা বাড়লে ফ্লাইট বাড়ানোর বিষয়টি নিশ্চয়ই বিবেচনা করা হবে।
এদিকে বরিশাল রুটে নিয়মিত পর্যাপ্ত ফ্লাইট না থাকায় হতাশা প্রকাশ করেছেন দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা। বিমান পোতে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে সপ্তাহে সাত দিন চালু করা এবং অন্য বিভাগীয় শহরের সঙ্গে আকাশপথে যোগাযোগের দাবি উঠেছে।
এই দাবিতে সম্প্রতি বরিশাল বিভাগীয় স্বার্থ সংরক্ষণ কমিটির নেতারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে বলা হয়, বরিশাল দেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। আকাশপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা চালু হলে চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের বিকাশ ঘটবে, যা গোটা দক্ষিণাঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করবে।
স্মারকলিপি পেয়ে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশ্বাস দেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং প্রয়োজনীয় আলোচনার উদ্যোগ নেওয়া হবে।
এইচকেআর