বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা

ন্যায়বিচার নিশ্চিত করতে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল কার্যক্রমের গুরুত্ব, আইনি প্রক্রিয়া ও বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘টক অন প্রি-ট্রায়াল প্রসিডিং অব অ্যা ক্রিমিনাল কেস ইন কনটেক্সট অব বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আইন বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান।
উপাচার্য ড. মো. মামুন অর রশিদ বলেন, ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি মানুষের আস্থা একটি রাষ্ট্রের নিরাপত্তা, ঐক্য ও স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ ভিত্তি। সামাজিক সমঝোতার পথ বন্ধ হয়ে গেলে মানুষ আদালতের দ্বারস্থ হয়। তাই তথ্য-প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে সঠিক বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যৎ পেশাজীবনে সত্য, ন্যায়বিচার, দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ সবসময় মনে রাখতে হবে। আইন ও বিচারব্যবস্থা একটি দেশের আয়না। আইনের শাসন নিশ্চিত হলে রাষ্ট্র ও বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়ে।
আইন বিভাগের চেয়ারম্যান ও আইন অনুষদের ডিন ড. সারদার কায়সার আহমেদের সভাপতিত্বে সভায় বাংলাদেশের ফৌজদারি মামলার বিচারপ্রক্রিয়ায় প্রি-ট্রায়াল কার্যক্রমের গুরুত্ব, সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া, বিদ্যমান চ্যালেঞ্জ এবং বিচারপ্রক্রিয়াকে আরও কার্যকর ও ন্যায়সংগত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের প্রভাষক মো. ছোটন আলী।
বক্তারা বলেন, এ ধরনের একাডেমিক আলোচনা আইন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাংলাদেশের বিচারব্যবস্থার বাস্তব প্রেক্ষাপট সম্পর্কে ধারণা অর্জনে সহায়ক হবে। আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এইচকেআর