ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার এনসিপির সঙ্গে সোমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী হঠাৎ পেটব্যথা গ্যাস নয়, হতে পারে অন্য কোনো অসুখের লক্ষণ মস্কোয় আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান দেশের ৭৫টি কারাগারে রেকর্ড এক লাখের বেশি বন্দি, প্রতিদিন বাড়ছে ৩০০ উজিরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বি হিজলায় গ্রেফতার জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব: নৌ প্রতিমন্ত্রী  বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি বরিশাল বিভাগে ৩০০ কিলোমিটারজুড়ে নদীভাঙন
  • হঠাৎ পেটব্যথা গ্যাস নয়, হতে পারে অন্য কোনো অসুখের লক্ষণ

    হঠাৎ পেটব্যথা গ্যাস নয়, হতে পারে অন্য কোনো অসুখের লক্ষণ
    সময়মতো রোগ শনাক্ত হলে জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। ছবি: এআইয়ের সহায়তায় বানানো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ পেটে ব্যথা শুরু হলেই কি গ্যাস বা বদহজম ভেবে নিশ্চিন্ত হয়ে যান? বিশেষ করে শিশুদের পেটব্যথা হলে অনেক অভিভাবকই প্রথমে খাবারের দোষ খোঁজেন। কখনো মনে করেন, বাইরের খাবার খেয়ে পেট খারাপ হয়েছে, আবার কখনো কোষ্ঠকাঠিন্য বা অম্বল ভেবে ওষুধ খাইয়ে দেন।

    কিন্তু সব পেটব্যথার কারণ হজমের গোলমাল নয়। সাধারণ পেটব্যথার আড়ালেও লুকিয়ে থাকতে পারে অ্যাপেন্ডিসাইটিসের মতো গুরুতর সমস্যা। সময়মতো রোগটি শনাক্ত করে চিকিৎসা না করালে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে রোগের লক্ষণ সব সময়ে স্পষ্ট না হওয়ায় বিপদের আশঙ্কা আরও বেশি।

    অ্যাপেন্ডিসাইটিস কী?

    আমাদের বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত আঙুলের মতো ছোট একটি থলি রয়েছে, যার নাম অ্যাপেন্ডিক্স। এই অংশে প্রদাহ তৈরি হলে তাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। সাধারণত অ্যাপেন্ডিক্সের মুখ কোনো কারণে বন্ধ হয়ে গেলে তার ভেতরে ব্যাকটেরিয়া জমে সংক্রমণ ও প্রদাহ তৈরি করতে পারে। এর ফলে অ্যাপেন্ডিক্স ফুলে যায় এবং পেটে ব্যথা শুরু হয়।

    প্রথম দিকে সমস্যাটি খুব গুরুতর মনে না হলেও সময়ের সঙ্গে প্রদাহ বাড়তে পারে। দ্রুত চিকিৎসা না হলে অ্যাপেন্ডিক্সে পুঁজ জমতে পারে, এমনকি সেটি ফেটেও যেতে পারে। অ্যাপেন্ডিক্স ফেটে গেলে সংক্রমণ পেটের ভেতরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এর ফলে পেরিটোনাইটিস বা পেটের ভেতরের আবরণে সংক্রমণ হতে পারে। সংক্রমণ রক্তে ছড়িয়ে পড়লে সেপসিসের মতো প্রাণঘাতী জটিলতাও দেখা দিতে পারে। তাই অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ দেখা দিলে অপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

    নাভির আশপাশে ব্যথা, পরে ডান দিকে সরে যায়

    অ্যাপেন্ডিসাইটিসের অন্যতম পরিচিত লক্ষণ হল পেটের ব্যথা। তবে এই ব্যথা সাধারণত শুরু থেকেই পেটের নিচের ডান দিকে হয় না। অনেক ক্ষেত্রে প্রথমে নাভির চারপাশে হালকা বা অস্পষ্ট ব্যথা অনুভূত হয়। কয়েক ঘণ্টা পর ব্যথাটি ধীরে ধীরে পেটের নীচের ডান দিকে সরে যেতে পারে। সময়ের সঙ্গে ব্যথার তীব্রতাও বাড়তে থাকে।

    হাঁটাচলা, কাশি, হাঁচি, লাফানো কিংবা শরীরের ভঙ্গি পরিবর্তন করলে ব্যথা আরও বেড়ে যেতে পারে। বিশেষ করে শিশু যদি পেটের ব্যথার কারণে সোজা হয়ে হাঁটতে না পারে, কুঁকড়ে থাকে কিংবা নড়াচড়া করতে না চায়, তা হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

    বমি বমি ভাব, জ্বরও হতে পারে

    শুধু পেটব্যথাই নয়, অ্যাপেন্ডিসাইটিসের সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে। যেমন ক্ষুধা কমে যাওয়া, বমি বমি ভাব, বমি, সামান্য জ্বর এবং মলত্যাগের অভ্যাসে পরিবর্তন। অনেকের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানাও হতে পারে। পেট ফুলে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তবে, সব রোগীর ক্ষেত্রে একই রকম লক্ষণ দেখা যায় না। কারো ব্যথা দ্রুত বাড়ে, আবার কারো ক্ষেত্রে উপসর্গ কিছুটা অস্পষ্ট থাকে। তাই শুধু ব্যথার জায়গা বা জ্বরের উপস্থিতি দেখে নিজে থেকে রোগ নির্ণয় করা ঠিক নয়।

    ছোট শিশুদের ক্ষেত্রে কেন চেনা কঠিন?

    বড়রা সাধারণত কোথায় ব্যথা হচ্ছে, কেমন লাগছে, তা বোঝাতে পারেন। কিন্তু ছোট শিশুরা সব সময়ে নিজেদের সমস্যার কথা স্পষ্ট করে বলতে পারে না। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সিদের ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসের পরিচিত লক্ষণগুলো অনেক সময় দেখা যায় না। তারা পেটের ঠিক কোন অংশে ব্যথা হচ্ছে, তা বোঝাতে না পেরে শুধু কান্নাকাটি করতে পারে কিংবা অস্বাভাবিক আচরণ করতে পারে।

    কিছু শিশুর ক্ষেত্রে তীব্র পেটব্যথার পরিবর্তে ডায়ারিয়া, পেটফাঁপা, বমি বা দুর্বলতা দেখা দিতে পারে। কেউ খেতে চাইবে না, কেউ আবার খেলাধুলা বন্ধ করে চুপচাপ শুয়ে থাকবে। যে শিশু সাধারণত খুব চঞ্চল, সে যদি হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে, কোলে থাকতে চায় কিংবা পেটের অস্বস্তির কারণে হাঁটাচলা করতে না চায়, তা হলে অভিভাবকদের সতর্ক হওয়া প্রয়োজন।

    কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন?

    পেটব্যথা ক্রমশ বাড়তে থাকলে, নাভির চারপাশ থেকে পেটের নিচের ডান দিকে সরে গেলে কিংবা ব্যথার সঙ্গে বমি ও জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুর পেটব্যথা যদি দীর্ঘক্ষণ স্থায়ী হয়, স্বাভাবিক খাওয়াদাওয়া বন্ধ হয়ে যায় বা নড়াচড়া করতে কষ্ট হয়, তা হলেও দেরি করা উচিত নয়। তীব্র ব্যথা, অস্বাভাবিক নিস্তেজ ভাব, পেট ফুলে যাওয়া কিংবা শিশুর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে জরুরি বিভাগে নিয়ে যেতে হবে।

    অ্যাপেন্ডিসাইটিস সন্দেহ হলে বাড়িতে বসে গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের ওষুধ খাইয়ে অপেক্ষা করা ঠিক নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক বা অন্য ওষুধ দিয়ে উপসর্গ চাপা দেওয়ার চেষ্টাও করা উচিত নয়। চিকিৎসক শারীরিক পরীক্ষা, প্রয়োজনীয় রক্ত পরীক্ষা এবং আল্ট্রাসাউন্ডের মতো পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করতে পারেন।

    সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, মেডিকেল নিউজ টুডে


    এইচকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ