জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহণ ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বলেছেন, আপনারা জনগণকে প্রকৃত সেবা দিন, আমি আপনাদের দুলাভাইয়ের মতো মর্যাদা দেব।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পৌরবাসীর কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদান, পৌরকর আদায়, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সুপেয় পানি সরবরাহ এবং পানি নিষ্কাশন ব্যবস্থাসহ পৌরসভার প্রতিটি সেবামূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো সেবার ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের সেবক হিসেবে কাজ করা। নিয়মের মধ্যে থেকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে নাগরিকদের সেবা দিতে হবে। যারা দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করবেন, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হবে। এ সময় রসিকতার ছলে তিনি দায়িত্বশীল কর্মকর্তাদের দুলাভাইয়ের মতো মর্যাদা দেওয়ার কথাও উল্লেখ করেছেন।
মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মো. রিয়াজুর রহমান। মতবিনিময় সভায় পৌরসভার বিগত অর্থবছরের আয়-ব্যয়, রাজস্ব আদায় ও ব্যয় ব্যবস্থাপনাসহ সামগ্রিক আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি পৌরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে গৃহীত ও পরিকল্পনাধীন বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
বিশেষ করে পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এবং পৌরসভার জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
সভায় পৌরসভার প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এইচকেআর