বরিশালে স্টেডিয়াম কলোনির নারীদের ভাগ্য বদলে দিল পাঁচ শিক্ষার্থী

বরিশাল নগরীর বান্দ রোডের স্টেডিয়াম কলোনির নারীদের ভাগ্য বদলে দিয়েছেন পাঁচ শিক্ষার্থী। কলোনির বাসিন্দা রিয়া মনি আক্তার (২৪)। পরিবারের ৬ সদস্যের দিন কাটতো অভাব অনটনে। স্টেডিয়াম কলোনির আরো অনেকের পরিবারের অবস্থা একই রকম। কলোনির অনেক নারীর জীবনেই ছিল এমন অভাব-অনটন। কারও কাজ করার আগ্রহ ছিল, কারও ছিল সেলাইয়ের দক্ষতা। কিন্তু উপার্জনের সুযোগ ছিল না।
রিয়া মনির সেলাইয়ের অভিজ্ঞতা ছিল। বছর দুয়েক আগে পাঁচ শিক্ষার্থীর উদ্যোগে তার সেই দক্ষতা কাজে লাগানোর সুযোগ তৈরি হয়। এখন ফেলনা কাপড় দিয়ে ব্যাগ তৈরি করেন তিনি। কেউ তৈরি করছেন নকশিকাঁথা, কেউ করছেন এমব্রয়ডারি। ঘরে বসেই কাজ করে উপার্জন করছেন তারা। এতে সংসারে কিছুটা সচ্ছলতা ফিরেছে। একসময় যারা ছিলেন উপার্জনের সুযোগবঞ্চিত, তারাই এখন অন্য নারীদেরও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন।
বরিশালের কীর্তনখোলা নদীতীরের এই স্টেডিয়াম কলোনির নারীদের জীবন বদলে দেওয়ার পেছনে রয়েছে পাঁচ শিক্ষার্থীর উদ্যোগ ‘প্রজেক্ট প্রেরণা’। ফেলে দেওয়া কাপড় সংগ্রহ করে তা দিয়ে ব্যাগ ও হস্তশিল্পের নানা পণ্য তৈরি করছেন তারা। পাশাপাশি নারীদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করছেন কর্মসংস্থানের সুযোগ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টেডিয়াম কলোনির রিয়া মনি আক্তারের ঘরে চলছে সেলাইয়ের কাজ। মেশিনে মনোযোগ দিয়ে ব্যাগ তৈরি করছেন তিনি। পাশের কোনো ঘরে তৈরি হচ্ছে নকশিকাঁথা, কোথাও ব্যাগে রং ও নকশার কাজ চলছে। কেউ আবার তৈরি পণ্য প্যাকেজিং করছেন। এভাবে প্রায় ১৪ জন নারী নিজেদের ঘরে বসেই কাজ করছেন। তাদের তৈরি পণ্য অনলাইন মার্কেটের পাশাপাশি ব্র্যাক, বহ্নিশিখাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কিনছে।
ই নারীদের সেলাই ও হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়েছে প্রজেক্ট প্রেরণা। ব্যাগ তৈরির জন্য বিভিন্ন টেইলার্স ও মিনি গার্মেন্ট থেকে পুরোনো কাপড় সংগ্রহ করেন উদ্যোক্তারা। সেই ফেলে দেওয়া কাপড়ই হয়ে উঠছে নান্দনিক ও ব্যবহার উপযোগী ব্যাগ।
রিয়া মনি আক্তার বলেন, প্রেরণা থেকে ব্যাগ বানানো শিখে এখন কাজ করছি। একটি ব্যাগ কাটিং ও সেলাই করলে অন্তত ৮০ টাকা মজুরি পাই। এখন মাসে একটা ভালো অঙ্কের টাকা আয় হচ্ছে। এতে সংসারে কিছুটা সচ্ছলতা ফিরেছে। কিন্তু আমাদের মেশিন দিয়ে মোটা কাপড় সেলাই করা যায় না। ভালো মেশিন পেলে আরও বেশি কাজ করতে পারতাম, আয়ও বাড়ত।
একইভাবে কাজ করছেন লিপি বেগম। ব্যাগ তৈরি, হাতের সেলাই ও নকশিকাঁথা তৈরিতে দক্ষ হলেও নিজের সেলাই মেশিন না থাকায় আপাতত ব্যাগ তৈরির কাজ করতে পারছেন না। হাতের সেলাই ও নকশিকাঁথার কাজ করে যে অর্থ পান, তা দিয়ে সংসারে স্বামী-সন্তানের পাশে দাঁড়াচ্ছেন।
লিপি বেগম বলেন, আমি ব্যাগ তৈরি, হাতের সেলাই ও নকশিকাঁথার কাজ করতে পারি। কিন্তু বর্তমানে নিজের মেশিন না থাকায় শুধু হাতের সেলাই ও নকশিকাঁথার কাজ করছি। প্রেরণার ভাইরা আমাদের কাজ দেন। কাজ অনুযায়ী টাকা পাই।
জানাগেছে, এখন পর্যন্ত ৩০ জন নারীকে প্রশিক্ষণ দিয়েছে প্রজেক্ট প্রেরণা। তাদের মধ্যে ১৪ জন নিয়মিত কাজ করছেন। সাতজন ব্যাগ তৈরি করেন, পাঁচজন এমব্রয়ডারি ও নকশিকাঁথার কাজ করেন। বাকি দুজন ব্যাগ ধোয়া ও প্যাকেজিংয়ের দায়িত্ব পালন করেন।
প্রজেক্ট প্রেরণার পেছনে রয়েছেন পাঁচ শিক্ষার্থী। তারা হলেন সরকারি ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ মুনতাহির ও অর্থনীতি বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন, ঢাকা আর্ট কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিথি আক্তার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সিয়াম এবং বরিশাল সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী নন্দিনী তিথি।
প্রেরণার সংগঠক সরকারি ব্রজমোহন ( বিএম ) কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী আবির মাহমুদ মুনতাহির বলেন, এখানে যারা কাজ করেন, তারা আমাদের কর্মী নন। বরং আমাদের পার্টনার। এখন পর্যন্ত ৩০ জন নারীকে প্রশিক্ষণ দিয়েছি। তাদের মধ্যে ১৪ জন আমাদের সঙ্গে কাজ করছেন।
তিনি আরো জানান, ২০২৪ সালের ১০ নভেম্বর তাদের যাত্রা শুরু হয়। তিনি জানান, প্রথম বছরে প্রায় ১২৭টি ব্যাগ তৈরি করে প্রায় ৩০ হাজার টাকার বিক্রি হয়েছিল। ২০২৬ সালে প্রায় ১ হাজার ২০০ ব্যাগ বিক্রি করে আয় হয়েছে প্রায় দুই লাখ টাকা। নকশিকাঁথা বিক্রি থেকেও আয় হচ্ছে। সব ব্যয় বাদ দিয়ে বিক্রির অর্থের প্রায় ৩০ শতাংশ লাভ থাকে।
তবে উন্নত সেলাই মেশিনের অভাবে মোটা কাপড়ের অনেক ব্যাগ তৈরি করা যাচ্ছে না। চাহিদা থাকলেও ফিরিয়ে দিতে হচ্ছে কিছু অর্ডার। প্রয়োজনীয় সরঞ্জাম পেলে আরও বেশি নারীকে কাজে যুক্ত করা সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মো. সিয়াম বলেন, আমরা দেখেছি, কলোনির অনেক নারীর কাজ করার আগ্রহ আছে, কিন্তু সুযোগ নেই। প্রথমে ১০ জন নারীকে প্রশিক্ষণ দিয়েছিলাম। তখনো কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি। নারীদের ঘরে ঘরে গিয়ে প্রশিক্ষণ দিয়েছি।
উদ্যোক্তারা জানান, তাদের তৈরি এক রঙের সাধারণ ব্যাগ পাইকারি বিক্রি হয় ১২০ টাকায়। হাতে কাজ করা ব্যাগের দাম ৩০০ থেকে ৮০০ টাকা। গ্রাহকের পছন্দ অনুযায়ী হাতে আঁকা ব্যাগ বিক্রি হয় ৫০০ থেকে ১ হাজার টাকায়। আর প্রতিটি নকশিকাঁথা পাইকারি বিক্রি হয় ৪ হাজার টাকায়।
এইচকেআর