বরিশালে ডেঙ্গুর প্রকোপ নিয়ে শঙ্কা, বাড়তে পারে সংক্রমণ

বরিশালে ডেঙ্গুর প্রকোপ কমছেই না। উল্টো ডিসেম্বরে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে শের ই বাংলা মেডিকেল কর্তৃপক্ষ। নানা কারণে পিরোজপুরে আক্রান্তের হার সবচেয়ে বেশি বলে জানায় স্বাস্থ্য বিভাগ। এদিকে ডেঙ্গুর প্রকোপ কমাতে নানা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক।
সারা দেশে ডেঙ্গু এখন আতঙ্কের নাম। কমছে না আক্রান্ত ও মৃতের সংখ্যা। নগরবাসীর সুরক্ষায় সিটি করপোরেশন কার্যক্রম চালাচ্ছে নিয়মিত। দুপুর থেকে সিটি করপোরেশন কর্মীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফগার মেশিনে মশার ওষুধ স্প্রে করে।
ডেঙ্গু থেকে রক্ষায় নগরবাসীর জন্য এই চেষ্টা চলার পরও বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভিড় জমায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। অতিরিক্ত রোগীর কারণে হাসপাতালে চিকিৎসা সুব্যবস্থা নাই বলে জানান রোগী ও স্বজনরা।
রোগীর স্বজনদের মধ্যে একজন বলেন, ডেঙ্গুর ওয়ার্ড বানাইছে এই ফ্লোরিংটা। এখানে বেড নাই, মশারি নাই, তারপরে স্ট্যান্ড নাই। আমরা ওই যে ওই ইয়াতে টানিয়া দিই, স্যালাইনের ইয়া। আবার ময়লাও রাখে এই জায়গায়।
অন্য একজন বলেন, সরকারি প্রতিষ্ঠান নামিদামি শেরেবাংলা, যার যে, আর যে মানে যে অবস্থা, এতে মানুষ থাকার মত না। এতে এমনি সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়।
প্রতিদিনই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। নভেম্বরের চেয়ে ডিসেম্বরে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. মাজহারুল রেজওয়ান রেজা।
তিনি বলেন, ডিসেম্বর মাসটা হচ্ছে আমাদের ডেঙ্গুর জন্য পিক টাইম। আমরা সেই হিসেবেই ধরে প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা আগে থেকেই পর্যাপ্ত স্যালাইন মজুদ করেছি। কিন্তু বিষয় হচ্ছে ডেঙ্গু হচ্ছে এবং রোগী বাড়তেছে প্রতিনিয়তই। যেমন বিগত দুই-তিন মাস যদি আমরা গড়ে দেখি যে ১০০ রোগী প্রতিদিন ভর্তি থাকে, আজকে প্রায় সেটা প্রায় ১৫০ এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। এবং আমরা আশঙ্কা করছি এটা আরও বাড়তে পারে।
বরিশাল বিভাগের পিরোজপুরে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। নানা কারণে ওই জেলায় ডেঙ্গু রোগী বেশি বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।
বরিশালের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. রেফায়েতুল হায়দার বলেন, ওখানে কিছু কিছু জায়গা মাটির ডিবি করার ফলে পানিটা লক হয়ে থাকে, বন্ধ হয়ে থাকে। সেটা একটা ব্যাপার। ওখানে প্রচুর সুপারি গাছ আছে এবং প্রচুর নারিকেল গাছ আছে, যেগুলোর কেটে ফেলে দিলে বা নষ্ট হলে ভিতরে একটা গর্তের মত থাকে। ওখানে পানিটা জমে থাকে। সেক্ষেত্রে এই সবগুলো কারণ সম্মিলিতভাবে এই পিরোজপুরের যে সংক্রমণের হারটা বেশি।
ডেঙ্গু থেকে রক্ষায় নানা পদক্ষেপ নেয়া হয়েছে। জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, এক মাস আমরা মশকের মশার জন্য স্প্রে করা, আমাদের ফগার মেশিন দিয়ে কাজ করা। তার আগের দুই মাস আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের ড্রেনগুলাকে আমরা পরিষ্কার করছি, আমাদের খালগুলাকে আমরা পরিষ্কার করছি, আমাদের ডোবা, জলাশয়, রাস্তার আশেপাশে যা আছে, যার জন্য আমরা মনে করি যে বিগত দিনের যে মশার যে অবস্থা বা ডেঙ্গুর যে মহামারির যে একটা অবস্থান ছিল, এখন কিন্তু বরিশাল সিটিতে সেই অবস্থাটা নাই।
চলতি বছর ডেঙ্গুতে বরিশাল বিভাগে মারা গেছে ৩২ জন। এর ভেতরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২৮ জন। এসময় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৭৬৬ জন। বর্তমানে মোট চিকিৎসাধীন ৬০৫ জনের মধ্যে শুধু শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন আছে ১৪৪ জন।
এইচকেআর