ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি বরিশাল বিভাগে ৩০০ কিলোমিটারজুড়ে নদীভাঙন বরিশালে ডেঙ্গুর প্রকোপ নিয়ে শঙ্কা, বাড়তে পারে সংক্রমণ বরিশালে স্টেডিয়াম কলোনির নারীদের ভাগ্য বদলে দিল পাঁচ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার ঝালকাঠির নেছারাবাদে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো বার্ষিক মাহফিল ঘূর্ণিঝড়ে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা পাগলা মসজিদে তিন ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা বাবুগঞ্জে আ.লীগের সভাপতিসহ ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার তুলনায় ১১৫ শতাংশ বেশি বন্দি! 
  • বরিশাল বিভাগে ৩০০ কিলোমিটারজুড়ে নদীভাঙন

    বরিশাল বিভাগে ৩০০ কিলোমিটারজুড়ে নদীভাঙন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্ষা মৌসুম শেষ হলেও বরিশালে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে রাস্তাঘাট, ফসলি জমি, বসতঘর, ব্যবসাপ্রতিষ্ঠানসহ শেষ অবলম্বন।

    পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ৩০১টি স্থানে প্রায় ২৯৭ কিলোমিটারজুড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে।

    উপকূলীয় এলাকা হওয়ার কারণে বরিশাল অঞ্চল নদ-নদীবেষ্টিত। বরিশাল বিভাগে প্রায় ২৫টি নদী রয়েছে, যা স্রোতস্বিনী।

    বছরজুড়েই এর মধ্যে কোনো না কোনো নদী ভাঙতে থাকে, আর বর্ষায় এই ভাঙন আরো তীব্র হয়। এবার বর্ষা শেষেও ভাঙন অব্যাহত রয়েছে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, কীর্তনখোলা, তেঁতুলিয়া, কালাবদর, মাছকাটা, মেঘনা, বিষখালীসহ বিভাগের বেশ কয়েকটি নদীতীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে।

    বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বিভাগের নদীতীরবর্তী প্রায় ২৯৭ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন সৃষ্টি হয়েছে।

    এর মধ্যে ভোলা জেলায় ২৩৭ কিলোমিটারজুড়ে ভাঙন সৃষ্টি হয়েছে। বরগুনা জেলার ১৭ কিলোমিটার, পটুয়াখালী জেলায় ২২ কিলোমিটার, পিরোজপুরে সাত কিলোমিটার, ঝালকাঠিতে সাত কিলোমিটার ও বরিশাল জেলায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন সৃষ্টি হয়েছে।

    বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, ভাঙনের তীব্রতা অব্যাহত রয়েছে। ভাঙন রোধে বরাদ্দ খুবই কম। তবে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    কালাবদর, মাছকাটা ও মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার পথে বরিশালের হিজলা উপজেলার থানারঘাট, লঞ্চঘাট, হরিনাথপুর, দুর্গাপুর ও গৌরবদী ইউনিয়ন। মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া, চরগোপালপুর, আন্দারমানিক, দোরীর চর খাজুরিয়াসহ বেশ কয়েকটি এলাকা। কালাবদর ও মাছকাটা নদীর গত চার দিনের ভাঙনে মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ১, ৩, ৯ নম্বর ওয়ার্ডের অর্ধশতাধিক বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

    জাঙ্গালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলতাফ হোসেন মীর  বলেন, গত মঙ্গলবার রাত থেকে নদীভাঙন শুরু হয়। তাঁর ওয়ার্ডের অন্তত ২০টি ঘর নদীর মধ্যে চলে গেছে। কোনো কিছু উদ্ধার করা যায়নি।

    হরিনাথপুরের বাসিন্দা শফিকুল ইসলাম মিলন বলেন, তিনবার ভাঙনের মুখে পড়ে চতুর্থবার ফের নদীর তীরে ঘর করেছি। এবারও ভাঙনে সব শেষ।

    আন্দারমানিক এলাকার গাজী মহিউদ্দিন বলেন, যেখানে আমার জন্ম হয়েছিল, আজ তার পুরোটাই মেঘনা নদীর গর্ভে। দুটি ভাঙনের সম্মুখীন হওয়ার পর ফের পাকা ঘরবাড়ি, ধানি জমি করি। গত সপ্তাহের ভাঙনে সব কিছুই চোখের সামনে তলিয়ে গেছে।

    স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় থাকতে থাকতে বিদ্যালয়, বাজার বা ঘরবাড়ি নদীতে চলে গেলে তখন বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাঁদের দাবি, ক্ষয়ক্ষতি হওয়ার আগে জরুরি ভিত্তিতে নদীতীর সংরক্ষণের কাজ শুরু করা হোক।

    এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমরা চিহ্নিত করেছি। জরুরি ভিত্তিতে ভাঙন রোধের পাশাপাশি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের জন্য কয়েকটি বড় প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ