বরিশালে নজরুল সংগীত শিল্পী পরিষদের কমিটি গঠন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীতচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে নজরুল সংগীত শিল্পী পরিষদ, বরিশাল জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
সংগঠন সূত্রে জানা গেছে, ১৬ জুন ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সুজিত মোস্তফা এবং সাধারণ সম্পাদক শহীদ কবির পলাশের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে বরিশালের বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সহিদুজ্জামান মামুনকে সভাপতি এবং মো. জহুরুল হাসান সোহেলকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের সংশ্লিষ্টদের মতে, নতুন কমিটিতে জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠিত ও প্রতিশ্রুতিশীল নজরুল সংগীত শিল্পী, নজরুলপ্রেমী, সাংস্কৃতিক সংগঠক এবং সংস্কৃতিকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১৬ জুন ২০২৯ পর্যন্ত।
সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, এই কমিটি বরিশালে নজরুল সংগীতের চর্চা, প্রশিক্ষণ কার্যক্রম এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল জাসাস মহানগরের আহ্বায়ক মীর আদনান তুহিন, সদস্য সচিব কামরুল আহসান রুমী, সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব ঘোষ এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এছাড়া বরিশালের বিভিন্ন সংগীত একাডেমি, নাট্য সংগঠন ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পী, কুশলী এবং সংগঠকরাও নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন।
তাদের প্রত্যাশা, নবগঠিত নেতৃত্বের মাধ্যমে বরিশালে নজরুল চর্চা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ পাবে। একই সঙ্গে দীর্ঘদিনের প্রত্যাশিত স্থায়ী নজরুল স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগও নতুন গতি পাবে।
সংশ্লিষ্টদের মতে, বরিশাল দীর্ঘদিন ধরেই সংগীত ও সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। সেই প্রেক্ষাপটে নজরুল সংগীত শিল্পী পরিষদের নতুন কমিটি শুধু সাংগঠনিক কার্যক্রম পরিচালনাই নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এইচকেআর