ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে প্রকাশিত চিত্রকর্মের নিন্দাসহ পাঁচ দাবি

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে উদ্দেশ্য করে প্রকাশিত সহিংসতামূলক চিত্রকর্মের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দ। সেই সঙ্গে চিত্রকর্ম নিয়ে পাঁচ দফা দাবিও জানিয়েছেন তারা।
শুক্রবার এবি পার্টি বরিশাল জেলা ও মহানগর থেকে পাঠানো এক খবর বিজ্ঞপ্তিতে এমনটি দাবি করা হয়েছে।
খবর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক বাস্তবতা। কিন্তু মতের অমিলকে কেন্দ্র করে হুমকি, ধমকি, ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন কিংবা হত্যার ইঙ্গিতপূর্ণ প্রচারণা কোনোভাবেই রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে, রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে এ ধরনের অসহিষ্ণতা ও বিদ্বেষমূলক আচরণ ক্রমাগত উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ক্ষেত্রে এ ধরনের বিদ্বেষপূর্ণ পরিবেশ যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি, কার্টুনিস্ট মেহেদী হকের প্রকাশিত একটি চিত্রকর্মে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কপাল বা খুলির দিকে তাক করা বন্দুকের প্রতীকী উপস্থাপন করা হয়েছে। একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে এভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করার শিল্পকর্ম নিছক ব্যঙ্গচিত্র, রাজনৈতিক সমালোচনা কিংবা শৈল্পিক স্বাধীনতার সাধারণ পরিসরে পড়ে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।
বিশেষ করে সংশ্লিষ্ট পোস্টের নিচে প্রকাশিত বিভিন্ন মন্তব্য এবং পরবর্তী সময়ে প্রতিবাদের মুখে চিত্রকর্মটি সংশোধনের ঘটনাকে বিবেচনায় নিলে বিষয়টির উদ্দেশ্য, প্রেক্ষাপট ও সম্ভাব্য প্রভাব নিয়ে যথাযথ ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। আমরা আশা করেছিলাম, একজন দায়িত্বশীল শিল্পী হিসেবে তিনি তাঁর শিল্পকর্মের শৈল্পিক উদ্দেশ্য ও বক্তব্যের ব্যাখ্যা জনসমক্ষে তুলে ধরবেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের দৃষ্টিগোচর হয়নি এমন কোনো সুস্পষ্ট ব্যাখ্যা, যা জনমনে সৃষ্ট উদ্বেগ দূর করতে সক্ষম।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, শিল্পের স্বাধীনতা কখনোই অন্যের জীবন, নিরাপত্তা ও মানবিক মর্যাদাকে হুমকির মুখে ফেলার অবাধ লাইসেন্স হতে পারে না। মতপ্রকাশের স্বাধীনতা যেমন গণতন্ত্রের অপরিহার্য অধিকার, তেমনি সেই অধিকারের নামে সহিংসতার ইঙ্গিত, হত্যার কল্পচিত্র কিংবা কোনো ব্যক্তিকে আক্রমণের উপযোগী লক্ষ্যবস্তু হিসেবে উপস্থাপনের সামাজিক ও আইনগত দায়ও উপেক্ষা করা যায় না।
সাম্প্রতিক সময়ে শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ড আমাদের আবারও স্মরণ করিয়ে দিয়েছে, কোনো ব্যক্তিকে ক্রমাগত ঘৃণা, বিদ্বেষ ও সহিংসতার প্রতীকী লক্ষ্যবস্তুতে পরিণত করার সামাজিক পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।
রাজনৈতিক বক্তব্য, প্রচারণা কিংবা সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে কাউকে আক্রমণের উপযোগী করে তোলার প্রবণতা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার অবকাশ নেই। আমরা চাই না, মতপার্থক্যের কারণে আর কোনো রাজনৈতিক কর্মীকে জীবন নিয়ে শঙ্কিত থাকতে হোক।
আমাদের অবস্থান ও দাবি:
১. কার্টুনিস্ট মেহেদী হককে সংশ্লিষ্ট চিত্রকর্মের উদ্দেশ্য, প্রেক্ষাপট ও প্রতীকী বক্তব্য সম্পর্কে জনসমক্ষে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানাচ্ছি।
২. প্রতিবাদের মুখে চিত্রকর্মটি সংশোধন করা হলেও মূল পোস্ট, সংশ্লিষ্ট মন্তব্য, সম্পাদনার পূর্ববর্তী ও পরবর্তী সংস্করণ এবং প্রাসঙ্গিক ডিজিটাল তথ্য সংরক্ষণের দাবি জানাচ্ছি, যাতে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট নিরূপণ করা যায়।
৩. সংশ্লিষ্ট বক্তব্য বা চিত্রকর্মের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বাস্তব সহিংসতা, হত্যার হুমকি কিংবা অপরাধে উসকানি দেওয়া হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
৪. প্রচলিত আইনে অপরাধের উপাদান পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আইনজীবীদের পরামর্শক্রমে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
৫. রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক নেতা, কর্মী কিংবা নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হলে তার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। রাষ্ট্রকে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এইচকেআর