তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার

বরিশালে কলেজছাত্রী সানজিদা কবির আনিতাকে (২১) বাসায় ডেকে নিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত প্রেমিক মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার (৭ মে) সকালে বরিশাল জেলার উজিরপুর থানাধীন ইছলাদী টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হিমু ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার মুহাম্মদ গোলাম মোর্শেদ জিলানীর ছেলে। তিনি বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোড এলাকার রাফি মঞ্জিলের ছয় তলায় ভাড়া থাকতেন।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান।
মামলার বরাত দিয়ে র্যাব-৮ জানায়, নিহত সানজিদা কবির আনিতার সঙ্গে হিমুর গত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকালে আনিতা তার বোনের বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, আনিতা বগুড়া রোডের অক্সফোর্ড মিশন প্রাইমারি স্কুলের বিপরীত গলিতে হিমুর ভাড়া বাসায় রয়েছেন।
সেখানে গিয়ে পরিবারের সদস্যরা খাটের ওপর আনিতার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার থেকেই অভিযুক্ত হিমু পলাতক ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮-এর একটি দল অভিযান চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইছলাদী টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার হিমুকে কোতোয়ালী কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এইচকেআর