ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬

Motobad news

কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত

কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত
ছবি অনলাইন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কোরবানির হাটে পশু কিনতে গিয়ে মহিষের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ব্যক্তি এবং জামালপুর জেনারেল হাসপাতালে গত (২৫ মে) সোমবার রাতে অন্যজনের মৃত্যু হয়।

এর আগে গত রোববার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান (৫৫) ও কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দেওয়ানগঞ্জ উপজেলার আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির জন্য কয়েকটি মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। সেখানে আনার পর একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে মহিষটি হাটজুড়ে ছোটাছুটি করে লোকজনকে আক্রমণ করতে থাকে। এতে আতঙ্কিত হয়ে হাটে থাকা লোকজন দৌঁড়াদৌঁড়ি শুরু করেন।

পরে মহিষের গুঁতায় রুহুল আমিন, মজিবুর রহমানসহ অন্তত ছয়জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন মারা যান। পরে মজিবুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন