ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

Motobad news

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলাপাড়ার অমিতভসহ নিহত ২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলাপাড়ার অমিতভসহ নিহত ২
ছবি: প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ও পেছনের ধাক্কায় ২ জন নিহত এবং অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতভ হাওলাদার (৪২) ও শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে আবুল কালাম (৩০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রাগদী ব্রিজে সজোরে ধাক্কা দেয়। 

ঠিক তখনই পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের ভেতরে থাকা অন্তত ২৭ জন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। 

দুর্ঘটনা কবলিত যান দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে যার যার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন