উজিরপুরে বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে নরসিংহা প্রাথমিক বিদ্যালয়ের শত বছরের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নরসিংহা স্কুল সংলগ্ন মামুন মার্কেটের সামনে মানববন্ধনে অংশগ্রহন করে শিক্ষার্থী,অভিভাবকসহ শত শত নারী-পুরুষ।
বক্তব্য রাখেন গাজীরপাড় প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কাইয়ুম খান, ইউপি সদস্য মিজানুর রহমান খান মহব্বত, ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম শামিম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় বিক্ষুব্ধরা কোমলমতি শিক্ষার্থীদের খেলার মাঠ অচিরেই দখলমুক্ত করার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন তারা।
উল্লেখ্য ৭ জুন সকালে নরসিংহা গ্রামের জাহিদুর রহমান মাছুম, কামরুল ইসলাম বাচ্চু, আসাদুল হক ফকির, সিরাজুল ইসলাম ফকির, রুহুল আমিন ফকিরসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে নরসিংহা প্রাথমিক বিদ্যালয়ের শত বছরের ভোগদখলীয় খেলার মাঠ জোরপূর্বক দখল করে।
এদিকে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ কোমলমতি শিক্ষার্থীরা দখলকৃত খেলার মাঠ দখলমুক্ত করেছে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, স্কুলের জমি সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা প্রয়োজন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক খোঁজ খবর নেয়া হবে।
উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষকে আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়া হয়েছে।
এইচকেআর