ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে একটি ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের টিএনটি সড়কের একটি ভবনের নিচ তলার ফ্লাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন ফ্লাটের মালামাল নিয়ে গেছে বলেও জানায় পুলিশ। শুক্রবার দুপুর থেকে রাতের যেকোন সময় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মলিনা রায় (৪৫)। ওই নারী নীচতলা ফ্লাটে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শহরের টিএনটি সড়কের একটি তিন তলাবাড়ির তিনটি ফ্লাটের লোকজন রথযাত্রা উপলক্ষ্যে সকালে গ্রামের বাড়িতে যায়। কেবল নীচতলায় মলিনা রায় নামে মধ্যবসয়সী এক নারী বাসায় ছিলেন। সন্ধ্যায় ওই নারীর মেয়ে পূজা রায় বাড়িতে ফিরলে তাঁর মা মলিনা রায়কে ঘরের মেঝেতে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো অবস্থায় দেখতে পায়।
সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এসময় তিন ফ্লাটের সবগুলোতেই দরজা-জানালা ও তালা ভাঙা অবস্থায় দেখা যায়। ঘরের মালামাল তছনছ অবস্থায় পাওয়ায় যায়। তিন ফ্লাট থেকেই স্বর্ণালংকার ও নগদ টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ হাসান।
এইচকেআর