ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

ধর্মের নামে বিভেদ নয়, বাংলাদেশি পরিচয়ই হোক সবার পরিচয়: তথ্যমন্ত্রী

ধর্মের নামে বিভেদ নয়, বাংলাদেশি পরিচয়ই হোক সবার পরিচয়: তথ্যমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের মাটিতে কোনো কোনো গোষ্ঠী ধর্মের পরিচয়কে সামনে এনে মানুষের মাঝে বিভেদ করার চেষ্টা করে। আমাদের সবার পরিচয় হওয়া উচিত বাংলাদেশি। ধর্ম, বর্ণ কিংবা সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে জাতীয় পরিচয় ও দেশপ্রেমের বন্ধনই দেশের মানুষের সবচেয়ে বড় শক্তি।

শুক্রবার সকাল ১০ টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলন।

তথ্যমন্ত্রী বলেন, যারা ধর্মের নামে ব্যবসা করে তারা আসলে ধর্মের পবিত্র অনুভূতিকে বিভক্ত করার অপচেষ্টা চালায়। তারা গোপনে পরস্পরের সাথে আলাপ করে নানা ষড়যন্ত্র রচনা করে, যাতে বিভিন্ন ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টি হয়।


মন্ত্রী বলেন, এভাবে তারা ধর্মের মহত্ত্বকে আড়াল করে জঙ্গিবাদের অপব্যবহারকে উৎসাহিত করে। একজন যদি এ ধরনের অপকর্মে লিপ্ত হয়, অন্য আরেকজন তার সুযোগ নিয়ে লাভবান হতে চায়। ফলে ধর্মের মূল উদ্দেশ্য-মানবতার কল্যাণ ও শান্তি ব্যাহত হয়।


তিনি বলেন, অতীতে যখন জাতীয় পরিচয়ের প্রশ্নে ‘তুমি কে, আমি কে-বাঙালি, বাঙালি’স্লোগান উচ্চারিত হয়েছিল, তখনও দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় ঐক্য রক্ষার চেতনা সামনে ছিল। আজও সেই একই চেতনায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সম্প্রীতি রক্ষা করতে হবে। পাহাড়ি, বর্ণ কিংবা ধর্ম-কোনো কিছুর ভিত্তিতেই বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ডে বিভাজনের রাজনীতি সৃষ্টি করতে দেওয়া যাবে না। প্রত্যক্ষ কিংবা পরোক্ষ, দৃশ্যমান বা অদৃশ্য-যে কোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।


তিনি আরও বলেন, কোনো ধর্মকে ব্যবহার করে কিংবা রাষ্ট্রধর্মের অপব্যাখ্যা দিয়ে যদি কেউ মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, তবে তা মানবতা ও সৃষ্টিকর্তার আদর্শের পরিপন্থী। ধর্মের নামে সাম্প্রদায়িকতা, বিদ্বেষ ও বিভাজন কোনো পবিত্র ধর্মই সমর্থন করে না। আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করবো এবং একই সঙ্গে অন্য সব ধর্মাবলম্বীর প্রতি সমান শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য প্রদর্শন করব। প্রকৃত ধর্মচর্চা তখনই সফল হবে, যখন ধর্মকে ব্যবসা কিংবা বিভেদের হাতিয়ার হিসেবে ব্যবহারকারীদের মানুষ চিনতে পারবে এবং তাদের অপতৎপরতা দৃঢ়ভাবে প্রতিহত করবে।


বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক বাসুদেব ধর'র সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলার সভাপতি শ্রী মুকুল চন্দ্র মুখার্জী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ বরিশাল জেলার সভাপতি শ্রী মানিক মুখার্জী কুডু বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় সনাতন ধর্মাবলম্বী সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন