গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের

বরিশালের গৌরনদীতে পৃথক ২টি সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আরোহী গুরুতর আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর ও বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কাটকস্থল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে মেহেদী হাসান তুরাগ (৩০) এবং গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে আরাফাত রহমান বাবু (৩২)।
গৌরনদী হাইওয়ে থানার এএসআই শাহিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী তাজবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় স্পীড ব্রেকার অতিক্রমকালে বিপরিত দিক থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে বাসের স্ব-জোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আরাফাত রহমান বাবু ও আরোহী আসাদুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত আসাদুলকে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের কটকস্থল এলাকায় ঢাকাগামী অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মেহেদী হাসান তুরাগ এবং এক আরোহী গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তুরাগকে মৃত ঘোষণী করেন।
অপরদিকে গৌরনদী হাইওয়ে থানার এসআই সরিফুল ইসলাম জানান, রাতের দূর্ঘটনায় ঘাতক যানটি শনাক্তকরনের চেষ্টা চলছে। শুক্রবার সকালের দুর্ঘটনাকবলিত যান দুইটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এইচকেআর