হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র্যাব-৮

গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান শুরু করেছে র্যাব। হারানো অস্ত্রের সন্ধান দিতে পারলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে র্যাব-৮।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৮-এর মিডিয়া সেল থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৮-এর মিডিয়া অফিসার ও লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে কঠোর অবস্থানে রয়েছে র্যাব-৮। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্রের অপব্যবহার রোধে এসব অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
র্যাব জানায়, লুণ্ঠিত ও হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদের অবস্থান সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়া হবে।
র্যাব-৮-এর পক্ষ থেকে জানানো হয়েছে, হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান আগামী ১৫ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। অস্ত্র ও গোলাবারুদের অবস্থান সম্পর্কে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
এ ছাড়া ঘরে বসেই যাতে নাগরিকরা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে পারেন, সে জন্য বিশেষ হটলাইন ও যোগাযোগের মাধ্যম চালু করেছে র্যাব-৮। সরাসরি ০১৭৭৭ ৭১১ ৪৪১, ০১৭৭৭ ৭১১ ৪৪২, ০১৭৭৭ ৭১১ ৪৪৩ ও ০১৭৭৭৭ ১১৪ ৪৪ নম্বরে কল করে তথ্য দেওয়া যাবে।
এছাড়া এসব নম্বরে WhatsApp, imo, Telegram ও Viber-এর মাধ্যমে মেসেজ, অডিও বা ভিডিও পাঠিয়েও তথ্য জানানো যাবে। পাশাপাশি টোল-ফ্রি নম্বর ১২৫৫৬ ৬৯৯ ৯৯৯-এ কল করেও তথ্য দেওয়ার সুযোগ রয়েছে।
র্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বলেন, ‘দেশের সচেতন নাগরিকরা দেশপ্রেম ও সামাজিক নিরাপত্তার স্বার্থে স্বতঃস্ফূর্তভাবে লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন বলে তারা আশা করছেন।’
তিনি বলেন, ‘যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে র্যাব-৮-এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।’
এইচকেআর