বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল নগরীতে ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক নতুন রাস্তা এলাকার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রুনা আক্তার (২৩) বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী শুভ পুলিশ কনস্টেবল হিসেবে ঢাকায় কর্মরত। গত ১ সেপ্টেম্বর বরিশাল নগরীর জিয়া সড়কে একটি বাড়িতে ঘর ভাড়া নিয়েছিলেন রুনা।
বাড়ির কর্ত্রী জানান, রুনা নিজেই বাসা ভাড়া নিয়েছিলেন। তবে বাসায় ওঠার পর থেকে তার স্বামী শুভ একবারের জন্যও আসেনি। বুধবার রাতে হঠাৎ শুভ আমার সেল ফোনে কল করে দ্রুত রুনার খোঁজ নিতে বলেন। প্রয়োজনে দরজা ভেঙে রুনাকে দেখতে বলেছেন।
পরে রুনাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, রুনা ও তার স্বামী শুভ পরস্পর মামাতো-ফুফাতো ভাইবোন ছিলেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ এবং সিআইডি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।’
এইচকেআর