ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় মোট ১৯ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মো. আল-আমিনকে (২৬) গ্রেপ্তার করেছে বিশেষ আভিযানিক দল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গাজীপুর বাসন থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮ বরিশাল সদর দপ্তর।
গ্রেপ্তারকৃত আল-আমিন ভোলা জেলার লালমোহন উপজেলার কুমারখালী গ্রামের মো. নুর হোসেনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আল-আমিনের বিরুদ্ধে লালমোহন থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি পৃথক মামলা রয়েছে। এর মধ্যে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় দায়ের করা একটি মামলায় (জিআর নম্বর-৮৬/২২) আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। অপর মামলায় (জিআর নম্বর-২৯০/১৮) একই আইনের ২৫(খ) ধারায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দুটি মামলায় আদালত তাকে সর্বমোট ১৯ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
রায়ের পর থেকেই আল-আমিন আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা এসআরবি-৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-১, গাজীপুরের সদস্যরা গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করেন।
পরে এসআরবি-৮ (বরিশাল) ও এসআরবি-১ (গাজীপুর)-এর একটি যৌথ আভিযানিক দল গাজীপুরের বাসন থানা এলাকায় সফল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বরিশাল এসআরবি-৮'র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আইন প্রয়োগকারী সংস্থার এমন অভিযান অব্যাহত থাকবে।
এইচকেআর