রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লিতে সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিল শুরু করেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যরা (এমপি)। সোমবার (১২ অক্টোবর) কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতারা এ কর্মসূচিতে অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন বামপন্থি ছাত্রনেতা নেহা বোরাও।
গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার দাবিতে আয়োজিত এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘চলো দিল্লি’। এদিন কনস্টিটিউশন ক্লাব থেকে বাসে করে কংগ্রেস এমপিরা বারাখাম্বা রোডের দিকে রওয়ানা হন। সেখান থেকে তাদের সুপ্রিম কোর্টের দিকে যাওয়ার কথা।
বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দিতে সেখানে জড়ো হয়েছেন। এ সময় ক্লাবের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এ মিছিলের লক্ষ্য নির্বাচনব্যবস্থা নিয়ে অভিযোগের প্রতিবাদ জানানো। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন বিরোধীরা।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে কনস্টিটিউশন ক্লাব থেকে বের হতে দেখা যায়।
সংসদ সদস্যদের বহনকারী বাসগুলো প্রথমে বারাখাম্বা রোডে যাবে। সেখান থেকে সুপ্রিম কোর্টের দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বারাখাম্বা রোড থেকে তিলক মার্গে অবস্থিত সুপ্রিম কোর্টের দূরত্ব প্রায় দুই কিলোমিটার।
এদিকে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভের অনুমতি চেয়ে সোমবার পার্লামেন্ট স্ট্রিট থানায় যান ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাশ।
দলটির নেতারা জানান, যন্তর মন্তরে বিক্ষোভের জন্য দিল্লি পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে তারিখ ও সময় নির্ধারণ না করলে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে।
দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাশ বলেন, বিক্ষোভের অনুমতির জন্য সাধারণত ১০ দিন আগে আবেদন করতে বলে পুলিশ। তবে এবার তারা পুলিশের ওপরই কর্মসূচির তারিখ নির্ধারণের দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এইচকেআর