রাজাপুরে রাতের আঁধারে মোটরসাইকেলে আগুন

ঝালকাঠির রাজাপুরে রাতের আঁধারে একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
রোববার রাতে উপজেলার সদরের নারিকেলবাড়িয়া এলাকার হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটির মালিক মো. নাদিম মাহমুদ মৃধা। তিনি সদর ইউনিয়নের বারবাকপুর এলাকার মৃত আবুল বাশার মৃধার ছেলে। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি।
জানা যায়, রাতে নাদিম তাঁর সুজুকি জিক্সার মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো-ল-৪২-১৮৯১) খালের এপারে রেখে সাঁকো পার হয়ে বাড়িতে যান। কিছুক্ষণ পর তাঁর মা হেলেনা বেগম খালের ওপারের রাস্তায় আগুন জ্বলতে দেখে চিৎকার করেন।
পরে নাদিম ও তাঁর মা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন জ্বলতে দেখেন। তাঁরা খাল থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মোটরসাইকেলটির বেশির ভাগ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। কে বা কারা মোটরসাইকেলটিতে আগুন দিয়েছে, তা নিশ্চিত করতে পারেননি নাদিম ও তাঁর মা।
রাজাপুর থানার উপপরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, এ ঘটনায় মোটরসাইকেলটির মালিককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর