নগরীর বগুড়া রোডে বিসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় জনসাধারণের চলাচলের পথ দখল, অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা এবং ডেঙ্গুর প্রজননস্থল সৃষ্টির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান।
অভিযান সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং একই সঙ্গে অবৈধ মালামাল অপসারণ করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে একটি হোটেল ও বেকারিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মুসলিম পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করা হয়। এই অপরাধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জমে থাকা পানি অপসারণ করে ভবিষ্যতে সতর্ক থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি, ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি, তাদের দ্রুত লাইসেন্স নবায়ন করার জন্য সতর্কবার্তা প্রদান করা হয়।
অভিযানে মোট ৪টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
এইচকেআর