ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির তজুমদ্দিনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু আর নেই বরিশালে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ে পুরোনো গাছ কাটার ঘটনায় আইনি পদক্ষেপের দাবি বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়া আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমাসহ গ্রেফতার এক, ৪৩ জনের বিরুদ্ধে মামলা আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ চারজনকে গ্রেপ্তার ভোলায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা করল বড় ভাই বরিশালে ভেঙে পড়েছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ নিভিকের বুম
  • বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু আর নেই

    বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু আর নেই
    বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহান মুক্তিযুদ্ধের দক্ষিণাঞ্চলের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলা একাডেমির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান (মজনু) মারা গেছেন। 

    গতকাল বুধবার রাত ৭টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের স্বামী।

    আজ বৃহস্পতিবার সকালে ঢাকার শ্যামলী শিশু পল্লী মসজিদ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে তাঁর নিজ বাড়ি বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের স্তম্ভ ‘চির উন্নতশির’-এর পাশে তাঁকে দাফন করা হবে।

    আনোয়ার হোসেন খান তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র আন্দোলনের সক্রিয় নেতা ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) সহসভাপতি (ভিপি) ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সাবসেক্টর সদর দপ্তর বুকাবুনিয়াসহ দক্ষিণাঞ্চলে সংগঠকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

    কর্মজীবনে তিনি বাংলা একাডেমির পরিচালক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরিজীবনের পাশাপাশি নিজ এলাকায় শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখেন।

    হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এ ছাড়া একাধিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং হলতা ডৌয়াতলা সমবায় জুনিয়র স্কুলকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রেও তাঁর অবদান ছিল।

    তাঁর মৃত্যুতে মুক্তিযুদ্ধের সংগঠক, ছাত্র আন্দোলনের সাবেক সহযোদ্ধা, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ