জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ে পুরোনো গাছ কাটার ঘটনায় আইনি পদক্ষেপের দাবি

বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকার ঐতিহ্যবাহী জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের মাঠের ৫০-৬০ বছরের পুরোনো ছয়টি চাম্বল ও মেহগনি গাছ গোপনে কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা।
বুধবার (১১ নভেম্বর) ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের কাছে লিখিত স্মারকলিপি দেন তাঁরা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহসিন মন্টু, অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম, অ্যাডভোকেট কাজী বসির উদ্দিন, অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, অ্যাডভোকেট মেহেদী হাসান শাহীন, অ্যাডভোকেট মাসুদ রেজা মিয়া ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবলুসহ অন্যান্য আইনজীবী।
আইনজীবীরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে গাছ কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এইচকেআর