পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

কুয়াকাটায় কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কুয়াকাটা পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটকৃত মো. লিমন মোল্লা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তিনি পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ছাত্রদলের নেতাদের দাবী, তিনি বিভিন্ন সময় কুয়াকাটা পৌর এলাকায় ঘুরে ঘুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করতেন। মঙ্গলবার সকালেও তুলাতুলি বাসস্ট্যান্ডে পেট্রোল বোমা পাওয়া গিয়েছে। গত রাতে বাসস্ট্যান্ডে তাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহের বসে আটক করা হয়।
কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহম্মেদ রিয়াজ খান জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঠিকানা বাংলাদেশে হবে না। তাই তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পৌর ছাত্রদল সব সময় ঐক্যবদ্ধ। সকাল থেকেই আমরা এলাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যাতে কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য আমরা তাদের অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।
আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহম্মেদ জানান, ছাত্রদলের পক্ষ থেকে আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং সন্ত্রাস বিরোধী মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
এইচকেআর