ই-রিক্সা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও স্মারকলিপি পেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ই-রিক্সা বিধিমালা সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়নের ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।
সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক এবং বরিশাল রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা প্রণয়ন, রেজিস্ট্রেশন, লাইসেন্স ও রুট পারমিট চালুসহ ১০ দফা দাবিতে সংগ্রাম পরিষদ গত ১৩ বছর ধরে হামলা-মামলা উপেক্ষা করে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর মন্ত্রণালয় ই-রিক্সার জন্য একটি বিধিমালা প্রণয়ন করে। তবে এই নীতিমালায় বর্তমান যানবাহনগুলোকে লাইসেন্স না দেওয়ার ইঙ্গিত রয়েছে।
বক্তারা আরও বলেন, “বিধিমালায় ‘আদর্শ ডিজাইন’-এর কথা বলা হলেও তা এখনো প্রকাশ করা হয়নি এবং বর্তমান গাড়িগুলোকে সেই ডিজাইনে রূপান্তরিত করার জন্য কোনো সময়সীমাও নির্ধারণ করা হয়নি। অথচ আদর্শ ডিজাইন না থাকলে যানবাহন উচ্ছেদের কথা বলা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন কোম্পানি বুয়েট স্বীকৃত গাড়ি বিক্রির নামে শোরুম খুলতে শুরু করেছে। এর ফলে বর্তমান গাড়ি উচ্ছেদ করে চালক ও মালিকদের গুটিকয়েক কোম্পানির হাতে জিম্মি করার আশঙ্কা তৈরি হয়েছে।
নীতিমালার অসংগতি তুলে ধরে নেতৃবৃন্দ জানান, ই-রিক্সার নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা একটি বাসের নিবন্ধন ফির সমান এবং সম্পূর্ণ অযৌক্তিক। এছাড়া বিধিমালায় চালকের লাইসেন্স প্রদানের কোনো উল্লেখ না থাকলেও নিয়ম ভঙ্গের দায়ে চালকের শাস্তির বিধান রাখা হয়েছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেস যাচাই প্রক্রিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যুক্ত করার জোর দাবি জানান তারা।
সমাবেশ থেকে বর্তমান যানবাহনগুলোর ডিজাইন পরিবর্তনের জন্য বিধিমালায় কমপক্ষে ২ বছর সময় বরাদ্দ, নিবন্ধন ফি কমানো, মহাসড়কের পাশে সাইডলেন চালু করা এবং নিবন্ধন প্রক্রিয়া দুর্নীতি ও দলীয়করণমুক্ত রাখাসহ ৯ দফা দাবি মেনে নিয়ে অবিলম্বে বিধিমালা সংশোধনের আহ্বান জানানো হয়।
সমাবেশে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু আল রায়হান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ক্রীড়া সম্পাদক গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম গাজী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ।
সমাবেশ শেষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এইচকেআর