মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোরে সুপারি বাগান থেকে জাকির আকন (৫৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার সকালে বেতমোর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগানে গাছের নিচে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
নিহত জাকির আকন ওই গ্রামের মৃত ওয়াহেদ আকনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির আকনের বসতঘর থেকে ঘটনাস্থলের দূরত্ব আনুমানিক ১০০ থেকে ১২৫ গজ। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে সুপারি গাছ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু রহস্য জানা যাবে।
তিনি আরও জানান, এ ব্যাপারে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর