বরিশালে ভেঙে পড়েছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ নিভিকের বুম

বরিশালে বিআইডব্লউটিএ’র নৌযান উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ এর বুম (ডুবন্ত নৌযান টেনে তোলার ক্রেন জাতীয়) ভেঙে পড়েছে। ভেঙে পড়া অংশটি অন্য দুটি নৌযানের ওপর পড়ায় সেগুলো অর্ধডুবন্ত অবস্থায় রয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কারিগরি ত্রুটির কারনে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন বিআইডব্লিউডিএ’র স্থানীয় কর্মকর্তারা। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, নির্ভীক নামক উদ্ধারকারী জাহাজটি বরিশাল নৌবন্দরের দক্ষিণপ্রান্তে মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় নির্ধারিত স্থানে স্থায়ীভাবে রাখা হয়। এটির ২৫০ মেট্রিক টন ওজনের জাহাজ টেনে তোলার সক্ষমতা রয়েছে। প্রায় সম ওজনের সামনের অংশটি ভেঙে পড়ায় উদ্ধারকারী জাহাজটি পুরোটা ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
জাহাজের ডুবুরি মো. মিন্টু জানান, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বুমের ওপর ওঠা সহজ করতে ইঞ্জিন চালু করে সেটি উঁচুতে তোলার চেষ্টা চলছিল। আকস্মিক ইঞ্জিন অকার্যকর হলে মাত্র ৫ সেকেন্ডের মধ্যে বিকট শব্দে বুম নিচের দিকে পড়ে যায়। নির্ভীক জাহাজ লাগোয়া নোঙর করে রাখা বিআইডব্লিউটিএ’র আরও ২টি জাহাজের ওপর আছড়ে পড়েছে। ফলে ওই জাহাজ দুইটি ক্ষতিগ্রস্ত হওয়াসহ অর্ধ ডুবন্ত অবস্থায় রয়েছে।
নির্ভীক জাহাজের মাস্টার মো. আলমগীর হোসেন জানান, প্রতি সপ্তাহে তারা বুম পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং সচল রাখতে প্রতিদিন একবার পরীক্ষামূলক ইঞ্জিন চালু করেন। আজ বুধবার সকালে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।
জাহাজের কমান্ডার আবদুল্লাহ আল বাকীর ভাষ্যমতে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের কারিগরি ত্রুটিতে এ দুর্ঘটনা ঘটেছে। পড়ে যাওয়া বুমটি উদ্ধারের জন্য আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে। সেটি পৌঁছার পর উদ্ধার কার্যক্রম শুরু হবে।
এইচকেআর