বরগুনায় রোগীর স্বজনদের হামলায় বন্ধ হাসপাতালের এক্স-রে বিভাগ, গ্রেফতারের দাবি

বরগুনা জেনারেল হাসপাতালের এক্স-রে বিভাগে হামলা, ভাঙচুর ও মেডিকেল টেকনোলজিস্টকে মারধরের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত রুনা নামের এক নারী চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। চিকিৎসকের পরামর্শে এক্স-রে করাতে তাকে হাসপাতালের এক্স-রে বিভাগে নেওয়া হয়। এ সময় রোগীর সঙ্গে ২০ থেকে ২৫ জন স্বজন এক্স-রে কক্ষে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) আবুল হোসেন তাদের বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রোগীর স্বজন মো. লিটনসহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি এক্স-রে বিভাগে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় আবুল হোসেনকে মারধর করা হয়।
আহত মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেন অভিযোগ করে বলেন, রোগীর সঙ্গে অতিরিক্ত লোকজন কক্ষে প্রবেশ করায় তাদের বাইরে যেতে বলেছিলেন তিনি। এ সময় হুমকি দেওয়া হয়। রোগীর একটি এক্স-রে করার কথা থাকলেও তারা দুটি করতে বলেন। এক্স-রে করে দেওয়ার পর স্বজনেরা চলে গেলেও কিছুক্ষণ পর আবার ফিরে এসে মারধর করা হয়। একই সঙ্গে এক্স-রে মেশিন, কম্পিউটার, প্রিন্টারসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করেন। হামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তার অনুসারীরা জড়িত।
এদিকে হামলার পর থেকে বন্ধ রয়েছে হাসপাতালের এক্স-রে বিভাগের কার্যক্রম। এতে সরকারি ব্যবস্থাপনায় স্বল্প খরচে এক্স-রে করানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অনেক রোগীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মানববন্ধন কর্মসূচির বক্তব্যে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, হাসপাতালে একজন মাত্র রেডিওগ্রাফার রয়েছেন। প্রতিদিন তাকে একাই ৬০ থেকে ৭০ জন রোগীর এক্স-রে করতে হয়। ১২ লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল এ হাসপাতালে এ ধরনের হামলা সেবাদান কার্যক্রমকে ব্যাহত করছে। হামলায় ডিজিটাল এক্স-রে মেশিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পিউটার, প্রিন্টারসহ বিভিন্ন যন্ত্রপাতিও ভাঙচুর করা হয়েছে। বর্তমানে মেশিনটি চালু করা যাচ্ছে না। ঢাকা থেকে সংশ্লিষ্ট প্রকৌশলীরা এসে পরীক্ষা করার পর ক্ষয়ক্ষতি ও মেরামতের বিষয়ে জানা যাবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, হাসপাতালে চিকিৎসাসেবা দিতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এইচকেআর