বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগ

বরিশাল নগরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় ও সরকারি বিএম কলেজের সামনে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজনের তৎপরতায় দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে একদল লোক নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের নৈশপ্রহরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনটির নিচতলায় গ্রামীণ ব্যাংকের এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়।
বুধবার দুপুরে ওই কার্যালয়ে গিয়ে নৈশপ্রহরী মো. জিসানকে পাওয়া যায়। তাঁর ভাষ্য, ভবনটির নিচতলায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ও দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত জোনাল অফিস।
জিসান জানান, রাত সাড়ে ৪টার পর তিনি কার্যালয়ের ভেতরে গিয়ে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর ধোঁয়ার গন্ধ পেয়ে দরজা খুলে দেখেন, প্রবেশপথের বারান্দায় দাহ্য পদার্থের ওপর আগুন জ্বলছে।
জিসানের ধারণা, বাইরে থেকে গ্রিলের ফাঁক দিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই তিনি একাই তা নিভিয়ে ফেলেন। পরে খবর পেয়ে কার্যালয়ের কর্মকর্তারা সেখানে পৌঁছান।সংবাদ বিশ্লেষণ
গ্রামীণ ব্যাংকের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। জোনাল অফিসের কর্মকর্তা পরিচয় দেওয়া আবুল বাশার বলেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলতে প্রধান কার্যালয় থেকে নিষেধ করা হয়েছে।
এদিকে বিএম কলেজ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ১৫ থেকে ২০ জন যুবক মসজিদ গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তাঁরা অধ্যক্ষের বাসভবনের সামনে থাকা নামফলক ভেঙে ফেলেন।
কলেজ সূত্রের ভাষ্য, হামলাকারী যুবকেরা গেটের কাছে দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করেছিলেন।
অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে একদল অজ্ঞাতনামা যুবক বিশৃঙ্খলা করতে কলেজে ঢোকার চেষ্টা করেছিলেন। ব্যর্থ হয়ে তাঁরা বাসভবনের নামফলক ভেঙে ফেলেন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করবে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার সাজ্জাদ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। বিএম কলেজের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি।
এইচকেআর