ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, হেলপার নিহত

পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে 'বাহক' নামের একটি বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা মো. সিয়াম (২৬) নামে এক হেলপার অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
মৃত সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর ইউনিয়নের ইদিলকাঠি গ্রামের প্রবাসে চাকরিরত মো.কবির হোসেনের ছেলে।
এদিকে বাসে অগ্নি সংযোগের ঘটনা এবং বাসের হেলপার নিহতের ঘটনায় বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা ও পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান।
ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, পিরোজপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার এবং উপজেলা যুবদলের সদস্যসচিব শামীম হাওলাদার প্রমুখ।
সভায় শান্ত ভাণ্ডারিয়াকে অশান্ত করার জন্য বাসে অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। এসময় বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবহন মালিক-শ্রমিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরে মৃত হেলপার মো. সিয়ামের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মৃতের চাচা আব্দুল হালিম এ টাকা গ্রহন করেন। এর পূর্বে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে , মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌঁনে ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে মোটর সাইকেল যোগে এসে একদল দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবং বাসের ভেতর থেকে মো. সিয়াম নামে এক হেলোরের মৃত দেহ উদ্ধার করে। এবং স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশে পার্কিং করা অন্য সকল বাসে ঘুমিয়ে থাকা শ্রমিকদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ক্ষতিগ্রস্ত বাস দুটি হলো ঝালকাঠি মালিক সমিতির 'লিসা' (খুলনা মেট্রো-ব-১১০০৫১) এবং বরিশাল মালিক সমিতির 'বাহক' (বরিশাল মেট্রো-ব-১১০১৩২)।
অগ্নিসংযোগের স্বিকার 'লিসা' বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার।
অপর বাস 'বাহক'-এর মালিক ঝালকাঠির অমিত পাল নামের এক ব্যাক্তির। এদিকে এ ঘটনার পর এলাকায় একটি থমথমে পরিবেশ বিরাজ করছে।
বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা
অন্যদিকে বুধবার বিকেলে উপজেলা, পৌর বিএনপি এবং তার সকল অঙ্গসংগঠনের উদ্যোগে‘ফ্যাসিষ্ট খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনী কর্তৃৃক ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে বাসে আগুন দিয়ে ঘুমন্ত মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে মিছিল বের করে। স্থানীয় রির্জাভ পুকুরপার বিএনপির উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাত মলাত জোমাদ্দার, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসীম মান্নান উৎপল হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার জোমাদ্দারসহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এইচকেআর