গৌরনদীতে জর্দা শামীমের আস্তানা থেকে ৭টি পিস্তল ও ২ হাজার ৭৬১ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৩

বরিশালের গৌরনদীতে বিশেষ অভিযান চালিয়ে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
এ সময় ৭টি বিদেশি পিস্তল, ৩৩টি ম্যাগাজিন ও ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গৌরনদীর বাটাজোর ইউনিয়নের বাসিন্দা শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)।
এসআরবি-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বাটাজোর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায় তাদের একটি চৌকস দল। এ সময় পালানোর চেষ্টাকালে ওই ৩ ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৭টি বিদেশি পিস্তল, ও ১টি এয়ারগানসহ মোট ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ৩৩টি ম্যাগাজিন, ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজসহ মোট ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। একইসঙ্গে ১টি ম্যাগাজিন আনলোডার, ৩টি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের ৭টি ক্ষুদ্র ভাঙা অংশ, ৩টি মোবাইল ফোন এবং আলামত রাখার ১০টি ব্যাগ জব্দ করা হয়।
এসআরবি-৮-এর প্রাথমিক তদন্তে জানা যায়, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী এবং কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমেরর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও ভীতি প্রদর্শনের একাধিক মামলা রয়েছে। গত ৬ মে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। শামীম গ্রেফতার হওয়ার পর তার মালিকানাধীন 'শাহী ৯৯ পার্ক' ও গৌরনদীর বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা এসব অস্ত্র ও গোলাবারুদ তার ব্যক্তিগত সহকারী শাহে আলম এবং শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের মাধ্যমে গোপনে সংরক্ষণ ও কেনাবেচার ব্যবস্থা করা হয়েছিল। ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে এসব অস্ত্র রাখতে বাধ্য করা হয় বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৮ বরিশালের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু।
এইচকেআর