ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

Motobad news
বিপাকে খেটেখাওয়া ও ছিন্নমূল মানুষ

ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে বরিশালে ৩০ মিলিমিটার বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে বরিশালে ৩০ মিলিমিটার বৃষ্টি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত দুই দিন ধরে বরিশালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরছে। 

বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

টানা এই বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্নবিত্ত, খেটেখাওয়া ও ছিন্নমূল মানুষেরা।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই বরিশালের আকাশ মেঘে ঢাকা ছিল এবং থেমে থেমে ইলশেগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ছুটির দিন এবং বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে নগরীর অধিকাংশ সড়কই ছিল প্রায় ফাঁকা। সড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় জরুরি প্রয়োজনে বের হওয়া নগরবাসীকে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

নগরীর সদর রোড এলাকায় যাত্রীর অপেক্ষায় থাকা রিকশাচালক জব্বার মিয়া আক্ষেপ করে বলেন, সকাল থেকে বৃষ্টি আর ঠান্ডা বাতাস। ছুটির দিন হওয়ায় রাস্তায় মানুষজন এমনিতেই কম, তার ওপর বৃষ্টিতে কেউ ঘর থেকে বের হচ্ছে না। সারাদিনে যা আয় হয়েছে, তা দিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়বে।

বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নগরীর ফুটপাত ও খোলা আকাশের নিচে বসবাসকারী ছিন্নমূল মানুষেরা। হেমন্তের এই ঠান্ডা ও ভেজা আবহাওয়ায় মাথা গোঁজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। 

নগরীর লঞ্চঘাট এলাকার ভাসমান বাসিন্দা রহিমা বেগম জানান, রাত থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও বাতাস থাকায় ঠান্ডা বেশ জেঁকে বসেছে। এ কারণে বাচ্চাদের নিয়ে কষ্টে আছি। 

এদিকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবদুল কুদ্দুস জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে গত ২৪ ঘণ্টায় বরিশালে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণ-পূর্ব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি আগামী দু-এক দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এজন্য বরিশাল নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর প্রচণ্ড বিক্ষুব্ধ রয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন