ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

সুপ্রিম কোর্টে ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা

সুপ্রিম কোর্টে ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’র চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক স্পিকার ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল, সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সমিতির সাবেক ও বর্তমান নেতা, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তা, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা, বিপুল সংখ্যক আইনজীবীসহ মরহুমের শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।


রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার নাজমুল হুদা। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


ঢাকার দোহারের শাহীনপুকুরের নিজ বাড়িতে শেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নির্বাচন কমিশন (ইসি) থেকে সবশেষ নিবন্ধিত রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ১৯৯১ সালে ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন তিনি। ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিএনএফ নামে নতুন দল গঠন করেন তিনি।

এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়েন নাজমুল হুদা। পরে ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন