ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর

খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর
মো. আলাউদ্দিন রায়হান: ফাইল ফটো
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মো. আলাউদ্দিন রায়হান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান ওই বাড়ির কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে। তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন।

স্থানীয়রা জানান, রায়হান আগে সৌদি আরবে প্রবাসী ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরেন এবং পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেন।

রোববার দিবাগত রাতে তিনি স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখেন। খেলা শেষে ভোররাতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। পরে কিছু দূর যাওয়ার পর তিনি আবার ঘরে ফিরে স্বামীকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা আসার কথা ছিল বলে জানিয়েছে পরিবার।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ