ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

সরকারের ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬’ অনুযায়ী বরিশাল বিভাগে ‘বিভাগীয় বাস্তবায়ন ও সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেলকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, তিনি বিভাগীয় কমিশনার কর্তৃক মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত। তিনি বাংলাদেশের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপির জুনিয়র হিসেবে দীর্ঘদিন ধরে আইন পেশায় কাজ করছেন।
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) এলাকাতেও তার রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা ছিল। বিভিন্ন স্থানীয় কর্মসূচিতে তিনি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেন। নির্বাচনী কার্যক্রমে তার সাংগঠনিক ভূমিকার কথাও স্থানীয়ভাবে আলোচিত হয়।
নির্বাচনের আগে নির্বাচনী এজেন্টদের দায়িত্ব, ভোটকেন্দ্রের কার্যক্রম ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই প্রশিক্ষণে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল নিজেই প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনের আগে এজেন্টদের প্রশিক্ষণের এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে ব্যতিক্রমী প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে দেখা হয়।
ছাত্ররাজনীতিতেও সালাউদ্দিন হিমেলের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। ২০২২ সালে ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। পরবর্তী সময়ে তিনি সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন কার্যক্রমেও সম্পৃক্ত ছিলেন।
বরিশালের সঙ্গে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেলের রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক। ছোটবেলা থেকেই তিনি বরিশাল শহরে বেড়ে ওঠেন এবং বরিশাল জিলা স্কুলে পড়াশোনা করেন। শিক্ষাজীবন ও বেড়ে ওঠার সূত্রে বরিশালের সামাজিক ও রাজনৈতিক পরিসরেও তার পরিচিতি রয়েছে।
সরকারি অফিস আদেশ অনুযায়ী, বরিশাল বিভাগীয় কমিশনার কমিটির সভাপতি এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ-সভাপতি। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সমাজসেবা, মহিলা বিষয়ক, নির্বাচন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
কমিটির অন্যতম দায়িত্ব হলো ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই, তথ্যের যথার্থতা নিশ্চিত করা, জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত ও নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়নে সমন্বয় করা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা।
এইচকেআর