বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত জমি দখলদারদের কবল থেকে উদ্ধারের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল দশটার ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
নগরীর ২৭ নম্বর ওয়ার্ডসহ সর্বস্তরের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন বলেন, আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডস্থ সোনামিয়ার পুল এলাকার ডেফুলিয়া মৌজায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য ভিত্তিপ্রস্থর উদ্বোধন করে গাছ রোপণ করেছেন।
তিনি আরও বলেন, পরবর্তী সরকারের সময় বিশ্ববিদ্যালয় অন্যত্র প্রতিষ্ঠার পর ওই ৫০ একর সরকারি খাস জমি ভূমিদস্যু ও দখলবাজরা বিভিন্ন কৌশলে দখল করে নেয়। দখলকারীরা বেগম জিয়ার উদ্বোধনী ফলক ভেঙে ফেলে।
তিনি বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত জমি দখলদারদের কবল থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষক মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, সাঈদ খোকন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মৌজে আলী সিকদার, শাহে আলম, দুলাল কাজী, সরোয়ার হোসেন সিকদার, মামুন হোসেন, রেফাজুল ইসলাম, সাগর হোসেন, মোবারক আলী হাওলাদার, জসিম উদ্দিন, জিকু ইসলাম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
এইচকেআর