ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

Motobad news

বরিশালে ১২ বছর পর মাদক মামলায় ২ আসামির যাবজ্জীবন

বরিশালে ১২ বছর পর মাদক মামলায় ২ আসামির যাবজ্জীবন
ছবি: প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে ২২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতারের প্রায় ১২ বছর পর মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৫ অক্টোবর) বরিশালের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মিল্টন হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন। তারা পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার সাহাদাৎ হোসেন পণ্ডিত ও একই উপজেলার জলিল হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তারেক আল ইমরান।

আদালত সূত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৪ সালের ২১ অক্টোবর বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। তৎকালীন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান মুকুলের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২২৫ বোতল ফেনসিডিলসহ সাহাদাৎ হোসেন পণ্ডিত ও জলিল হাওলাদারকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তারেক আল ইমরান বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন।

তিনি বলেন, ২০১৪ সালে মাদক উদ্ধারের পর মামলাটি করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতারের পর আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকর করা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন