বরিশালে বাসের ভিতর ইয়াবা সেবন, আটকের পর ছেড়ে দিল শ্রমিক নেতা

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগে এক সুপারভাইজার ও এক হেলপারকে কয়েকজন শিক্ষার্থী আটক করেন। পরে তাঁদের শ্রমিক ইউনিয়নের নেতাদের কাছে হস্তান্তর করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বলাকা সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের ভেতরে সুপারভাইজার মো. সাজু (৩০) ও হেলপার মো. আসলাম (৪৫) ইয়াবা সেবন করছিলেন। এ সময় পাশের একটি চায়ের দোকানে অবস্থানরত সরকারি বিএম কলেজের শিক্ষার্থী খান শাওনসহ কয়েকজন শিক্ষার্থী বিষয়টি দেখতে পেয়ে তাঁদের আটক করেন।
পরে অভিযুক্ত দুজনকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাঁদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটের গুঁড়া এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়। তবে পুলিশের সদস্যরা পৌঁছানোর আগেই শ্রমিক ইউনিয়নের নেতারা রহস্যজনকভাবে অভিযুক্ত দুই ব্যক্তিকে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।
এইচকেআর