ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে সুমন মৃধা নামে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে তাঁর ব্যাগে থাকা ৭ লাখ টাকার বেশি, চারটি মোবাইল ফোনসহ মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শনিবার রাতে বাড়ি ফেরার পথে উপজেলার হাজিরহাট গ্রামের আব্দুল খালেকের বাড়ির সামনের ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমন মৃধা উপজেলার বারবাকপুর গ্রামের রুস্তম আলী মৃধার ছেলে। তিনি হাজিরহাট এলাকায় বিকাশের ব্যবসা করেন।
আহত সুমনের অভিযোগ, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পাঁচজন ব্যক্তি পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে কুপিয়ে মাথায় জখম করে হামলাকারীরা। পরে হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা টাকাভর্তি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, পুলিশ হাসপাতালে গিয়েছিল। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর