প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে ফরচুন মিজানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বরিশাল স্টেডিয়ামের প্রধান ফটকে থাকা তার কয়েকটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে তাকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কবি জীবনানন্দ দাশ বরিশাল স্টেডিয়াম ও আউটার স্টেডিয়াম এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে একদল যুবক স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা স্টেডিয়ামের প্রধান ফটকে থাকা তার কয়েকটি ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন।
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি নাজমুল হুদা অভিযোগ করেন, ঢাকায় স্টেডিয়ামে বসে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন বিসিবি পরিচালক ফরচুন মিজান। ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে গণমাধ্যমের সামনে অট্টহাসি দিয়ে ‘উই হ্যাভ আ প্ল্যান’ মন্তব্য করেন তিনি। নাজমুলের দাবি, মিজানুর রহমান আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন। এমন একজন ব্যক্তি কীভাবে বিসিবির পরিচালক হলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নাজমুল হুদা আরও বলেন, এ ঘটনার প্রতিবাদে নেতাকর্মীরা স্টেডিয়ামে গিয়ে বিক্ষোভ করেছেন। তাকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপির কেউ তাকে পুনর্বাসনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিক্ষোভে ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব এস এম জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সহসাধারণ সম্পাদক অ্যালেক্স তমাল ও সাবেক নাট্যবিষয়ক সম্পাদক আরিয়ান খান মাসুমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগের বিষয়ে কোনো উত্তর না দিয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান মুঠোফোনে বলেন, বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, সে বিষয়ে জানা নেই।
বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মামুন খন্দকার জানান, স্টেডিয়ামে ব্যানারে আগুন দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। কেউ তাকে বিষয়টি জানাননি। তবে তিনি খোঁজ নিচ্ছেন।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে গণমাধ্যমের সামনে অট্টহাসি দিয়ে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেন বিসিবি পরিচালক মিজানুর রহমান। শুক্রবার তার প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে বরিশালে তার বিরুদ্ধে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এইচকেআর