ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, জীবিত প্রমাণে নির্বাচন অফিসে ষাটোর্ধ্ব বৃদ্ধ বিনা বেতনে আজান, ১৬ বছর পর আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নগরীর বগুড়া রোডে বিসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
  • পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল

    পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল
    এতিমখানা পড়াশোনা করছে শিশুরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে ৫৯টি এতিমখানায় এক হাজার ৪৬০ জন এতিম শিশুর জন্য প্রতিবছর সরকারি বরাদ্দ দেওয়া হচ্ছে সাড়ে ৩ কোটি টাকার বেশি। এসব অর্থ এতিম শিশুদের ভরণ-পোষণ, শিক্ষা ও আবাসনের জন্য দেওয়ার কথা। তবে জেলার কয়েকটি এতিমখানায় সরেজমিনে গিয়ে সরকারি তালিকার সঙ্গে বাস্তব চিত্রে নানা অসঙ্গতি পাওয়া গেছে।

    কোথাও সরকারি তালিকায় থাকা এতিমদের কাউকে পাওয়া যায়নি, কোথাও তালিকাভুক্ত সংখ্যার চেয়ে শিক্ষার্থী কম। আবার একটি প্রতিষ্ঠানে এতিম হিসেবে দেখানো কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, তাদের বাবা-মা জীবিত।

    বাউফল উপজেলার দক্ষিণ মাধবপুর শিশু সদনে সরকারি নথি অনুযায়ী পাঁচজন এতিমের জন্য বছরে বরাদ্দ ১ লাখ ২০ হাজার টাকা। সরেজমিনে সেখানে গিয়ে কোনো এতিম শিশু পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের সামনে একটি সাইনবোর্ড দেখা গেলেও শিশুদের আবাসন বা নিয়মিত কার্যক্রমের দৃশ্যমান চিত্র পাওয়া যায়নি। এতিমখানার শিক্ষার্থীরা কোথায় জানতে চাইলে সংশ্লিষ্টরা দাবি করেন, এটি এতিমখানা নয়, মাদরাসা।

    স্থানীয় বাসিন্দা সালমা আক্তার অভিযোগ করেন, এতিমখানার নামে বরাদ্দ পাওয়া অর্থের একটি অংশ সমাজসেবা কর্মকর্তাদের দিতে হয়। তারা টাকা খেয়ে এই বরাদ্দ দেয়।

    গলাচিপার আমখোলা ইউনিয়নের দক্ষিণ বাহেরচর শিশু সদন ও এতিমখানায় সরকারি নথিতে ৩৬ জন এতিমের জন্য বছরে বরাদ্দ ৮ লাখ ৬৪ হাজার টাকা। তবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানান, বর্তমানে ১৫ জন শিক্ষার্থী রয়েছেন, কারণ হিসেবে মাদরাসার প্রধানের মৃত্যুর পর থেকে শিক্ষার্থী কমেছে বলে জানান তিনি। সেখানে শিশুদের দুপুরের খাবার হিসেবে শুধু আলু ভাজি পরিবেশন করতেও দেখা যায়।

    গলাচিপার উত্তর-পূর্ব গজালিয়া সিদ্দিকিয়া বাদ সিদ্দিকিয়া শিশু সদন এতিমখানায় সরকারি তালিকায় ২২ জন এতিমের জন্য বছরে বরাদ্দ ৫ লাখ ২৮ হাজার টাকা। সরেজমিনে গিয়ে কোনো আবাসিক এতিম বা শিক্ষার্থীর দেখা মেলেনি। এতিমদের থাকার জায়গা হিসেবে দেখানো কক্ষে মাত্র তিনটি বেড দেখা যায়।

    চিকনিকান্দি আওসাফিয়া হাফিজিয়া শিশু সদনে সরকারি নথিতে ২০ জন এতিমের জন্য বছরে বরাদ্দ ৪ লাখ ৮০ হাজার টাকা। কর্তৃপক্ষ ২০ জন এতিম থাকার দাবি করলেও গোপনে একজন শিক্ষককে ১০ জন এতিম থাকার কথা বলতে শোনা যায়।

    এ প্রতিষ্ঠানে এতিম হিসেবে তালিকাভুক্ত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেও পাওয়া যায় ভিন্ন তথ্য। কয়েকজন জানায়, তারা টাকা দিয়ে এখানে পড়াশোনা করে ও খাবার খায়। তাদের মধ্যে কয়েকজনের বাবা-মা জীবিত বলেও জানায়।

    পটুয়াখালী সদর উপজেলার কেশবপুর ইসলামিয়া শিশু সদন নূরানী হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে ১৭ জন এতিমের জন্য বছরে বরাদ্দ ৪ লাখ ৮ হাজার টাকা। সরেজমিনে সেখানে নয়জন শিক্ষার্থীকে পাওয়া যায়। বাকি ১০ জন স্থানীয় একটি বাড়িতে দাওয়াত খেতে গেছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি তিনি।

    উত্তর চারাবুনিয়া ফারুকিয়া হাফিজিয়া শিশু সদন এতিমখানায় বর্তমানে ২০ জন এতিমের জন্য বছরে বরাদ্দ ৪ লাখ ৮০ হাজার টাকা। অফিস সূত্রে জানা যায়, এর আগের অর্থ বছরে ৪৭ জন এবং তার আগের অর্থ বছরে ৮৫ জনের জন্য বরাদ্দ ছিল। অথচ সরেজমিনে সেখানে মাত্র ছয়জন শিক্ষার্থীকে পাওয়া যায়।

    এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কোনো মন্তব্য করতে রাজি হননি। বরং প্রতিবেদক কেন প্রতিষ্ঠানে এসেছেন এবং তথ্য সংগ্রহের অনুমতিসংক্রান্ত কাগজ দেখতে চান।

    এসব বিষয়ে গলাচিপা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইউম বলেন, কয়েকটি এতিমখানা নিয়ে অভিযোগ পাওয়ার পর সেগুলো পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বৃষ্টির কারণে সব প্রতিষ্ঠানে সরেজমিনে যাওয়া সম্ভব হয়নি।

    গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো. ইজাজুল হক ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তিনি জানান, নতুন দায়িত্ব নেওয়ায় বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না।

    পটুয়াখালী জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রশিদ খানও কোনো বক্তব্য দিতে চাননি।

    পটুয়াখালী জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের বলেন, এতিমের হক নষ্ট করা গুরুতর অন্যায়। প্রকৃত এতিম নয় এমন কাউকে এতিম দেখিয়ে সুবিধা নেওয়া ইসলামের দৃষ্টিতেও নিন্দনীয়।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসীন উদ্দিন বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত তাদের কাছে আসেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    পটুয়াখালীতে এতিম শিশুদের জন্য প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ হলেও সরকারি তালিকায় থাকা শিশুদের প্রকৃত উপস্থিতি, এতিম হিসেবে তাদের পরিচয় এবং বরাদ্দের অর্থের ব্যবহার নিয়ে সরেজমিনে যে প্রশ্ন উঠেছে, সেগুলোর যথাযথ যাচাই ও তদারকির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন