রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয় ক্যাম্পাসে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টির অভিযোগে ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ শিক্ষার্থীদের সবাইকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
রোববার সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে জয় বাংলা বলে স্লোগান দেয় ১৫ শিক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে এসএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) ফলাফল প্রকাশের কথা ছিল। এর আগেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফলাফল জানতে পারে। ফলাফল আশানুরূপ না হওয়ায় তারা ‘জয়বাংলা’ স্লোগান দেয় বলে ধারণা করা হচ্ছে।
প্রধান শিক্ষক আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, আওয়ামী লীগ সরকারের আমলে পড়াশোনার চাপ তুলনামূলক কম ছিল এবং সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেত। তবে বর্তমান সময়ে ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনা ও পরীক্ষায় অংশগ্রহণ জরুরি। এসব বিষয় নিয়ে অসন্তোষ থেকেই শিক্ষার্থীরা এমন স্লোগান দিয়েছে বলে ধারণা করছেন তিনি।
এ ঘটনায় জড়িত ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, এই শিক্ষার্থীদের মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে জানা গেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। শনাক্ত ১৫ শিক্ষার্থীর সবাইকে বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে।
এইচকেআর