সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় আকভানে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে ভারতের দিকে এগিয়ে যাচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে দেয়া এক ফেসবুক পোস্টে এমনটা জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংগঠন বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি)।
বিডব্লিউওটির তথ্যমতে ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে ৬৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বর্তমানে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ৬০ কিলোমিটার (ঘণ্টা), যা দমকা ও ঝড়ো হাওয়াসহ ৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর এর মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী যেকোনো স্থানের উপকূলের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তিনি আরও জানান, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত না করলেও এর কারণে পুরো বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের বেশিভাগ জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এইচকেআর